Fire
কলকাতায় ফের অগ্নিকাণ্ড

পাম অ্যাভিনিউয়ের বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক ঘর

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বস্তি এলাকার মধ্যে থাকা একটি গুদামঘর থেকেই আগুনের সূত্রপাত। বৃহস্পতিবার ভোরে প্রথমে ওই গুদামঘরে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে সমস্যা তৈরি হয়। আতঙ্কিত বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গুদামঘরের আশপাশের বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দও শোনা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলকর্মীরা প্রথমেই বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দমকল সূত্রে খবর, মোট ১৪টি ইঞ্জিনের চেষ্টায় সকাল পৌনে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুন লাগল এবং ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষা।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।