Sumit Roy
Sumit Roy

সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ, নতুন মামলায় গ্রেফতারির আশঙ্কা আরও বাড়ল

Bengal Liberty : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি বিপদ আরও বাড়ল। শালবনি জমি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। এবার বাকি চারটি মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। কিন্তু তাঁর সেই আর্জিতে সাড়া দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সুমিতের আইনজীবী শঙ্করায়ণ ও অয়ন ভট্টাচার্য আদালতে আবেদন জানান, ওই চারটি মামলায় যেন তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। পাশাপাশি, নতুন কোনও মামলায় গ্রেফতার দেখানোর আগে আদালতের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়ারও আর্জি জানানো হয়।

অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, গত ১০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। তার পরেই শালবনি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই পরিস্থিতিতে রক্ষাকবচ দিয়ে আপাতত কোনও লাভ হবে না। তাই এই পর্যায়ে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হবে না। সুমিতের আবেদন খারিজ করে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।উল্লেখ্য, শালবনি জমি দুর্নীতি মামলার পাশাপাশি চাকরি দুর্নীতি এবং অন্যান্য অভিযোগেও সুমিতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।