টুলু মণ্ডল
টুলু মণ্ডল

সুপ্রিম কোর্টের রক্ষাকবচের মধ্যেই হাই কোর্টে টুলু, এফআইআর খারিজের আর্জি ও লুক আউট নোটিস নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে এফআইআর চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি চান টুলুর আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সেই অনুমতি দিয়েছেন। অন্যদিকে, বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে লুক আউট নোটিস সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন আইনজীবী কিশোর দত্ত। তদন্তকারী সংস্থার কাছে এ বিষয়ে তথ্য জানতে চেয়ে আদালতের হস্তক্ষেপের আবেদন জানান তিনি। এই মামলাতেও মামলা দায়েরের অনুমতি মিলেছে।

রাজস্ব তছরুপ এবং ভুয়ো ডুপ্লিকেট কার্বন রিসিট তৈরির অভিযোগে টুলুর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সিউড়ি আদালতে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাঁর। পুলিশের দাবি, দীর্ঘদিন পলাতক ছিলেন টুলু। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরেন তিনি। এদিকে, শুক্রবার দুপুর ২টোয় পাঁচ কোটি টাকা উদ্ধারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানী ভবনে তলব করেছে পুলিশ।

Bengal Liberty