Bengal Liberty : তোলাবাজির অভিযোগে নদিয়ার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের গ্রেফতারিকে কেন্দ্র করে রানাঘাটের রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। বৃহস্পতিবার তাঁর গ্রেফতারের পর শুক্রবার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে চিঠি লিখলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পিয়ালীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বেআইনি জুয়া, সাট্টা ও অনলাইন গেমিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেও শুরু হয়েছে পাল্টা অভিযোগ ও রাজনৈতিক তরজা।
সাংসদের চিঠিতে দাবি করা হয়েছে, পিয়ালী বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। একটি বিশেষ রাজনৈতিক মহল এবং সংবাদমাধ্যমের একাংশ ভিত্তিহীন খবর ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। জগন্নাথের বক্তব্য, পিয়ালীর ফেসবুক লাইভে দেখা গিয়েছে, তাঁরা এলাকায় বেআইনি জুয়ার ঠেক ও সাট্টার কারবার বন্ধ করার দাবি জানিয়েছিলেন। কোথাও তোলাবাজির ঘটনা ঘটেনি। বরং বেআইনি কারবারের সঙ্গে যুক্ত সমাজবিরোধীরা স্থানীয় কয়েকজন মহিলাকে দিয়ে তাঁদের উপর পাল্টা আক্রমণ চালায় বলে দাবি সাংসদের।
চিঠিতে ঘটনার নেপথ্যে কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কিংবা প্রশাসনিক আধিকারিকের মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখার আর্জিও জানিয়েছেন জগন্নাথ সরকার। একইসঙ্গে রানাঘাট থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বেআইনি জুয়া, সাট্টা ও অনলাইন গেমিংয়ের বিরুদ্ধে পুলিশের নজরদারি বাড়াতে হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অসামাজিক কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে।
আরও খবর
অন্যদিকে, সাংসদের দাবি উড়িয়ে দিয়েছেন অভিযোগকারী মমতা বিশ্বাস। শুক্রবার তাঁর পাল্টা দাবি, স্থানীয় ক্লাবের উদ্যোগে নিয়মিত দুস্থদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সেই কাজের জন্য চাঁদা সংগ্রহ ও হিসাবের কাজ চলছিল। ঠিক সেই সময় পিয়ালী দলবল নিয়ে অতর্কিতে হামলা চালান। অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, ফোন করে রানাঘাটের একাধিক ব্যবসায়ীর কাছে টাকা চাইতেন পিয়ালী। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হত। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর পিয়ালীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হয়।
এদিকে, পিয়ালীর সমর্থক এবং সাংসদ জগন্নাথ সরকারের পাল্টা অভিযোগ, অভিযোগকারীরা আদতে ব্যবসায়ী নন। সেখানে তৃণমূল নেতা আনন্দ দে-র জুয়ার আসর বসে এবং সেই ঠেক বন্ধ করতে গিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর সমাজমাধ্যমেও নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের দাবি, সরকার বদলের পর সাময়িকভাবে বন্ধ হওয়া জুয়ার কারবার পরে বিজেপির একাংশের আশ্রয়ে ফের চালু হয়েছে। এর নেপথ্যে বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাসের মদত রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
রানাঘাটের বিজেপি নেতা অসিতবরণ উকিলও পিয়ালীর গ্রেফতারিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। প্রশাসনের একাংশের মদত রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিধায়ক অসীম কুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ বার্তারও জবাব দেননি। ফলে পিয়ালীর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ নিয়েও জল্পনা বাড়ছে।


