Tulu Mondal
Tulu Mondal

পুলিশি হেনস্তার অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই জোড়া তলব, চাপে ‘পাথরসম্রাট’ টুলু!

পুলিশ সূত্রে খবর, সোমবার মহম্মদবাজার থানায় হাজিরা দিতে বলা হয়েছে টুলু মণ্ডলকে। তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা ও টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। অন্যদিকে, মঙ্গলবার সিউড়ি থানায় তাঁকে ফের তলব করা হয়েছে। বেআইনি পাথর খাদান সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। এর আগে গত শনিবার সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন টুলু। প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের সব প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন বলে খবর। এর পাশাপাশি ভবানীভবনেও হাজিরা দিয়েছেন ওই পাথর ব্যবসায়ী। কয়লা ও পাথরের ডিসিআর দুর্নীতি মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করছেন বলে দাবি তাঁর।

তদন্তে সহযোগিতা করেও পুলিশের হাতে হেনস্তার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ টুলুর। তাঁর দাবি, শনিবার সিউড়ি থানায় জিজ্ঞাসাবাদের পর রাত হয়ে যাওয়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে হয়েছিল তাঁকে। অভিযোগ, ওই বাড়ির বাইরে সারা রাত সিভিক ভলান্টিয়ার মোতায়েন ছিল। পরদিন গাড়িতে করে ফেরার পথে বোলপুরের প্রবেশপথ এবং ইলামবাজারের তেমাথায় একাধিকবার তাঁর গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। টুলুর দাবি, সাধারণ নাকা তল্লাশির নামে তাঁকেই নিশানা করা হয়েছিল। এমনকী, পুলিশের গাড়ি তাঁর পিছু নিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। গোটা ঘটনার ভিডিও ফুটেজ তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। এখানেই শেষ নয়। পুলিশের হেফাজতে থাকার সময় তাঁর গোডাউন থেকে বিপুল পরিমাণ সামগ্রী চুরি হয়েছে বলেও অভিযোগ তুলেছেন টুলু। তাঁর দাবি, গোডাউন থেকে প্রায় ২৫০টি নতুন টায়ার, ৩০০ টন রড এবং পুজো ও ঈদে বিতরণের জন্য রাখা চাল ও কাপড় উধাও হয়ে গিয়েছে। রাত তিনটের সময় গোডাউন থেকে চাল বের করতে দেখেছিলেন তাঁর কর্মীরা। পরে খোঁজ নিয়ে বাকি সামগ্রীও চুরি যাওয়ার বিষয়টি জানতে পারেন বলে দাবি তাঁর।

নিজের আর্থিক ক্ষতির হিসাবও তুলে ধরেছেন টুলু মণ্ডল। তাঁর দাবি, জিএসটি ও আয়কর মিলিয়ে বছরে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা কর দেন তিনি। অথচ তাঁর অফিস থেকে পেনড্রাইভ, ল্যাপটপ-সহ একাধিক সামগ্রী নিয়ে গিয়েছে পুলিশ। এর ফলে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর। যদিও টুলুর অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, জেলাজুড়ে নিয়মিত নাকা তল্লাশির অংশ হিসেবেই বোলপুর ও ইলামবাজারে গাড়ি পরীক্ষা করা হয়েছিল। অন্যান্য গাড়ির মতো টুলুর গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তাঁকে ধাওয়া করার অভিযোগও অস্বীকার করেছে পুলিশ। অন্যদিকে, টুলুর আইনজীবী সিকন্দর আনসারি জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নির্দিষ্ট জায়গায় জানানো হচ্ছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।