‘মহিলা সংরক্ষণের আড়ালে আসন বাড়ানোর খেলা’, মোদি-শাহকে নিশানা করে বিস্ফোরক শুভঙ্কর সরকার
‘মহিলা সংরক্ষণের আড়ালে আসন বাড়ানোর খেলা’, মোদি-শাহকে নিশানা করে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘মহিলা সংরক্ষণের আড়ালে আসন বাড়ানোর খেলা’, মোদি-শাহকে নিশানা করে বিস্ফোরক শুভঙ্কর সরকার

Bengal Liberty : মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। রবিবার প্রকাশিত প্রেস বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রশ্ন তুললেন, মহিলা সংরক্ষণ নিয়ে সত্যিই যদি সরকারের এতটা আগ্রহ থাকে, তাহলে বর্তমান লোকসভার ৫৪৩টি আসনের মধ্যেই কেন সংরক্ষণ কার্যকর করা হচ্ছে না? তাঁর অভিযোগ, আরও ৩০০টি আসন বাড়িয়ে তারপর মহিলা সংরক্ষণের প্রস্তাবের পিছনে আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে।

শুভঙ্কর সরকারের বক্তব্য, মহিলা সংরক্ষণকে সামনে রেখে আসন বাড়ানোর যে পরিকল্পনা করা হচ্ছে, তা নিছক সংরক্ষণের উদ্যোগ নয়। এর আড়ালে অন্য রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। মহিলা সম্মান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিলকিস বানো ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্তদের মুক্তি ও পরবর্তী ঘটনাপ্রবাহ, বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তদের সমর্থনে আন্দোলনের প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর দাবি, যে রাজনৈতিক দল ধর্ষণের অভিযুক্তদের পাশে দাঁড়ানোর অভিযোগে কাঠগড়ায়, তাদের মুখে মহিলা সম্মানের কথা মানায় না।

এদিন নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির‘নন-বায়োলজিক্যাল’ মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন শুভঙ্কর। মহিলার মাতৃত্ব ও মর্যাদাকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক কাহিনি তুলে ধরে তাঁর দাবি, মায়ের গর্ভের মর্যাদাকে অস্বীকার করে মহিলা সম্মানের কথা বলা পরস্পরবিরোধী।

এর পাশাপাশি ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। শুভঙ্কর সরকারের বক্তব্য, দেশের জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হওয়ার কথা বলা হলেও দীর্ঘদিন জনগণনা হয়নি। জনগণনা ছাড়া দেশের বর্তমান জনসংখ্যাগত চিত্র স্পষ্ট নয় বলেই দাবি তাঁর। তাঁর আশঙ্কা, এর ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও উন্নয়নে এগিয়ে থাকা রাজ্যগুলিকে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ডিলিমিটেশন কমিশনের গঠন নিয়েও প্রশ্ন তোলেন শুভঙ্কর। তাঁর অভিযোগ, কমিশনের সদস্য মনোনয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রভাব থাকবে এবং সেই প্রক্রিয়াকে ঘিরে নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। তাঁর দাবি, বিজেপি নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী লোকসভা আসনের সীমানা পুনর্বিন্যাস করতে চাইছে। তাই তাঁর ভাষায়, এটি শুধুমাত্র ‘সীমানা পুনর্নির্ধারণ’ নয়, বরং ‘ক্ষমতা পুনর্নির্ধারণের’ চেষ্টা।

কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে শুভঙ্কর জানান, মহিলা সংরক্ষণ অবিলম্বে বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই কার্যকর করতে হবে। ডিলিমিটেশনের অপেক্ষায় রেখে তা পিছিয়ে দেওয়া যাবে না। একইসঙ্গে প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে সংসদের ভিতরে এবং রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এই আন্দোলন চলবে বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, লড়াই শুধু আসনের নয়—গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার লড়াই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।