Bengal Liberty : মহা সপ্তমীর দিন চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনার পর সতর্কতা মূলক ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্যান্ডেল থেকে বেরোনোর সব পথ বাধামুক্ত রাখতে হবে। কোথাও জিনিসপত্র রাখা যাবে না। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পুজো প্যান্ডেলের ভিতরে ও বাইরে ভিড়ের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে কড়াভাবে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর করতে হবে।
প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। বৃষ্টি শুরু হলে প্যান্ডেলের প্রবেশপথ বন্ধ করে ভিতরে থাকা লোকজনকে নিরাপদে বের করে আনার নির্দেশিকা জারি করা হয়েছে। প্যান্ডেলের ভিতরে কোনও জমায়েত হতে দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশিপর্যাপ্ত আলো প্যান্ডেলের ভিতরে থাকতে হবে। সেই সঙ্গে আলো কম থাকলে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ভিড় নিয়ন্ত্রণ ও চলাচলের নির্দিষ্ট পরিকল্পনা কড়া ভাবে কার্যকর করার কথাও জানিয়েছে পুলিশ। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম ঝুঁকির আশঙ্কা থাকলে ভিড়ের চলাচল বন্ধ করতে হবে।
ডিউটিরত পুলিশ কর্মীদের বলা হয়েছে, বৃষ্টি হলেও ডিউটিতে থাকা কোনও আধিকারিক বা পুলিশকর্মী নিজের পোস্ট ছেড়ে যেতে পারবেন না। পুজোর ডিউটি চালিয়ে যেতে হবে। দর্শনার্থীদের প্যান্ডেলে প্রবেশের বিষয়টি পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে এবং তাঁদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ভিভিআইপি-দের গাড়ি প্যান্ডেল পর্যন্ত যেতে দেওয়া যাবে না। প্যান্ডেল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। ডিউটিতে থাকা সমস্ত পুলিশকর্মীকে রেইনকোট সঙ্গে রাখতে হবে। বৃষ্টি হলে কেউ ডিউটি পোস্ট ছেড়ে যেতে পারবেন না। সিনিয়র আধিকারিকরদের বিষয়টি নিশ্চিত করতে হবে। ভিড় চলাচলের পরিকল্পনায় হঠাৎ কোনও পরিবর্তন করা যাবে না বা ভিড়ের চলাচল হঠাৎ বন্ধ করা যাবে না। প্রত্যেক আধিকারিক ও কনস্টেবলকে ৫–৬ জন পুজো স্বেচ্ছাসেবকের একটি দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। সেই সঙ্গে পর্যাপ্ত দড়ি, গার্ড রেল, লাউড হেলার বা ছোট স্পিকার রাখতে হবে, যাতে প্রয়োজনে দ্রুত ভিড় নিয়ন্ত্রণ করা যায়।


