GTA VI
GTA VI

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান! মধ্যরাতেই বিশ্বজুড়ে লঞ্চ GTA 6, মুক্তির দিনেই বিপুল সাড়া!

Bengal Liberty : অবশেষে বিশ্বজুড়ে গেমারদের অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়ে গেল গেমিং দুনিয়ার অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম ‘Grand Theft Auto VI’ (GTA 6)। দীর্ঘ ১৩ বছর ধরে এই গেমের জন্য অপেক্ষা করেছেন কয়েক কোটি গেমার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাত থেকেই শুরু হল GTA 6-এর গ্লোবাল লঞ্চ। নিউজিল্যান্ড থেকে শুরু করে একের পর এক দেশে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে গেমটি খেলার সুযোগ পাচ্ছেন গেমাররা। অন্যদিকে, লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে গেমটির প্রথম রিভিউ। আর সেখানেই কার্যত প্রশংসার বন্যা বইছে!

২০১৩ সালে GTA 5 মুক্তি পাওয়ার পর থেকেই পরবর্তী সংস্করণের জন্য অপেক্ষায় ছিলেন গেমাররা। অবশেষে ২০২৬ সালের ১৯ নভেম্বর মুক্তি পেল GTA 6। রকস্টার গেমসের এই নতুন সংস্করণকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক অন্যরকম উন্মাদনা। মধ্যরাতের লঞ্চ উপলক্ষে বিভিন্ন দেশে গেমারদের মধ্যে দেখা গিয়েছে উৎসবের আবহ। অনেকেই গেমটি খেলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এমনকি গেমটির প্রথম ঝলক দেখার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে লাইভ স্ট্রিমিং।

গেমটি প্রকাশ্যে আসার আগেই আন্তর্জাতিক গেমিং সমালোচকদের রিভিউ সামনে আসে। আর সেখানেই কার্যত বাজিমাত করেছে GTA 6। প্রাথমিকভাবে Metacritic-এ ১০০-র মধ্যে ৯৯ স্কোর পেয়েছে গেমটি, যা গেমিং ইতিহাসে অন্যতম সেরা রেটিং হিসেবে বিবেচিত হচ্ছে।

IGN, GameSpot-সহ একাধিক আন্তর্জাতিক গেমিং সংবাদমাধ্যম গেমটিকে ১০-এর মধ্যে ১০ দিয়েছে। অন্যদিকে, একাধিক সমালোচক গেমটির গ্রাফিক্স, বিশাল ওপেন ওয়ার্ল্ড, চরিত্রের উপস্থাপনা এবং গল্প বলার ধরনকে বিশেষভাবে প্রশংসা করেছেন।GTA 6-এর গল্পের অন্যতম আকর্ষণ দুই প্রধান চরিত্র লুসিয়া কামিনোস এবং জেসন ডুভাল। তাঁদের অপরাধজগতের জীবন, সম্পর্ক এবং নানা রোমাঞ্চকর ঘটনাকে কেন্দ্র করেই এগোবে গেমের কাহিনি।

কাল্পনিক লিওনিডা প্রদেশের মধ্যে অবস্থিত ভাইস সিটি আবারও ফিরে এসেছে নতুন রূপে। আগের সংস্করণের তুলনায় আরও বিস্তৃত ও জীবন্ত পরিবেশ, সমুদ্রের নিচে অভিযান, নাইটক্লাব থেকে শুরু করে একাধিক নতুন কার্যকলাপ গেমারদের সামনে তুলে ধরেছে রকস্টার। সেই সঙ্গে বিশ্বজুড়ে চাঙ্গা গেমপ্রেমীদের উন্মাদনাও। কেউ হোটেলের ঘর বুক করে GTA 6 খেলছেন, কেউ আবার বাজার থেকে একসঙ্গে ১০০টি গেমের কপি কিনে নিয়েছেন। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনেই জনপ্রিয়তার নিরিখে WWE 2K26, NBA এবং FIFA-র মতো জনপ্রিয় গেমগুলিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে GTA 6। তবে আগামী দিনেও এই জনপ্রিয়তা একইভাবে বজায় থাকবে কি না, সেটাই এখন মূল প্রশ্ন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।