Donald Trump
Donald Trump

ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারি! রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট

Bengal Liberty : দীর্ঘদিন ধরেই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন চলছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত, চিন-সহ পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব ইতিমধ্যেই সামনে এসেছে। এই বিতর্কের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কার্যত মেজাজ হারান তিনি। ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন ট্রাম্প। সেই সঙ্গে সংবাদমাধ্যমের একাংশকে ‘ভণ্ড’ বলেও তীব্র আক্রমণ শানান তিনি।

ভারতকে নিশানা ট্রাম্পের

“বেশ করেছি ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে। বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে যে কোনও রকম সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত।”

ইউরোপীয় ইউনিয়ন অতীতে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনলেও সংবাদমাধ্যমের একাংশ সেই বিষয়টি উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের দাবি, “ইউরোপীয় ইউনিয়ন জ্বালানির জন্য রাশিয়াকে ২৫০ বিলিয়ন ডলার দিয়েছিল। অথচ ‘ফেক নিউজ মিডিয়া’ সেই খবরের ধারেকাছেও ঘেঁষতে চায় না।”

নিজের জ্বালানি নীতির পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প আরও বলেন, “আমি মার্কিন জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্তই নিয়েছি। সব সময়ই ‘আমেরিকা ফার্স্ট’ বা আমেরিকাই সবার আগে।”

হঠাৎ ভারতকে কেন আক্রমণ

সম্প্রতি রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার মাটিতে দাঁড়িয়েও বিভিন্ন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। তার পর থেকেই ভারতের উপর ক্ষুব্ধ ট্রাম্প। সেই কারণেই কি ভারতকে টেনে এনে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নই উঠছে আন্তর্জাতিক মহলে।

আগামী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। তার আগে বেশ অস্বস্তিতে রয়েছেন ট্রাম্প। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন জনমত সমীক্ষায় রিপাবলিকান প্রার্থীদের পিছিয়ে পড়ার ইঙ্গিত মিলছে। মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের মুখে পড়লে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও তৃতীয়বারের জন্য হোয়াইট হাউসে ফেরার প্রশ্নে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ আরও জটিল হয়ে উঠতে পারে।

খবরের শিরোনামে থাকার জন্যই কি আবারও ভারতকে নিশানা করছেন ট্রাম্প? একদিকে ভারতের উপর বিপুল শুল্ক চাপানোর হুঁশিয়ারি, অন্যদিকে নিজের দেশের স্বার্থে রাশিয়া থেকে তেল কেনার পক্ষে সওয়াল—ট্রাম্পের এই অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।