Germany
Germany

জার্মানিতে ভয়ংকর হত্যাকাণ্ড! আবাসনে আগুনে মৃত্যু ৩ ভারতীয়র

Bengal Liberty : বিদেশের মাটিতে স্বপ্নপূরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিন ভারতীয়র। জার্মানির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল কেরলের তিন যুবক-যুবতীর। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে আগুন লাগার পিছনে নাশকতার সম্ভাবনা উঠে আসতেই খুনের সন্দেহে ওই আবাসনেরই এক ৪১ বছর বয়সি রোমানিয়ার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনাটি জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বোখুমের হফস্টেডে এলাকার। গত মঙ্গলবার ভোরে একটি বহুতল আবাসনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। আগুন ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। পরে আবাসনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তিন ভারতীয়র দেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় প্রকাশ্যে

মৃতদের মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সি নোভা সাবু, ২৭ বছর বয়সি অঞ্জলি এস জয় এবং ২৬ বছর বয়সি সিভিন জনি। তিনজনই ভারতের কেরল রাজ্যের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে জার্মানিতে গিয়েছিলেন তাঁরা। নোভা জার্মানিতে জিম ট্রেনার হিসেবে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছিলেন। অঞ্জলি কাজ করতেন একটি ওয়্যারহাউসে। অন্যদিকে, সিভিনও নতুন চাকরি শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার আগেই মর্মান্তিক অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেল তাঁদের জীবন।

এই ঘটনায় আবাসনেরই ৪১ বছর বয়সি এক রোমানিয়ার নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আগুন কোনও যান্ত্রিক ত্রুটির কারণে লাগেনি। বরং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। সেই সূত্র ধরেই খুনের অভিযোগে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিদেশের মাটিতে কাজ করে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন কেরলের এই তিন তরুণ-তরুণী। কিন্তু জার্মানির বোখুমে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তাঁদের সেই স্বপ্ন চিরতরে শেষ করে দিল। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। কেন এবং কীভাবে আগুন লাগল, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সেই সঙ্গে বিদেশের মাটিতে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের ঘটনা ঘটেই চলেছে ভবিষ্যত কী এই ধরণের ঘটনা আরও ঘটবে? কবে বন্ধ হবে ভারতীয়দের বিরুদ্ধে এরকম আচরণ? এই নিয়েই উদ্বেগ চরমে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।