Bengal Liberty:
পরিবর্তনের বাংলায় দুর্গোৎসবেও নতুন চমক। নিউটাউনের সনাতনী দুর্গোৎসবের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে দায়িত্ব দেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই প্রাক্তন আমলা বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ রোল অবজার্ভার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Newtown Sanatoni Durga Puja
২০২৬ সালের ৯ মে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা পদে সুব্রত গুপ্তকে সরকারি ভাবে নিযুক্ত করা হয়। রাজ্য প্রশাসনের নীতি নির্ধারণ এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করাই তাঁর অন্যতম দায়িত্ব বলে জানা গিয়েছে। এবার সেই প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকেই নিউটাউনের সনাতনী দুর্গোৎসবের চেয়ারম্যান করা হল।
আরও খবর
Newtown Sanatoni Durga Puja
এই সিদ্ধান্তকে সনাতনী দুর্গোৎসব কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা বরুণ বিশ্বাসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ, কলকাতা ও শহরতলির একাধিক বড় দুর্গাপুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই সরাসরি বা পরোক্ষ ভাবে তৃণমূল নেতা-মন্ত্রীদের নাম জড়িয়ে থেকেছে। কিন্তু কোনও বড় পুজো কমিটির নেতৃত্বে একজন প্রাক্তন আমলার যুক্ত হওয়ার ঘটনা তুলনামূলক ভাবে বিরল।

নিউটাউনের এই পুজো অবশ্য শুরু থেকেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল। পুজোর নামের মধ্যে ‘সনাতনী’ শব্দটি থাকাকে কেন্দ্র করে তৎকালীন শাসকদল তৃণমূল আপত্তি তুলেছিল বলে অভিযোগ। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এই পুজোর সূচনা হয়।
Newtown Sanatoni Durga Puja
এবার চেয়ারম্যান হিসেবে সুব্রত গুপ্তের দায়িত্ব গ্রহণকে ঘিরে তাই নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই পুজোর আয়োজনে প্রশাসনের অভিজ্ঞ এক প্রাক্তন আমলার যুক্ত হওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ফলে এবারের নিউটাউনের সনাতনী দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, রাজনৈতিক ও প্রশাসনিক পরিসরেও নজর কাড়তে চলেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুনঃ সব মামলা থেকে জামিন পেলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস


