Supreme Court
দিল্লিতে বায়ুদূষণ বৃদ্ধি, জরুরি ও তাৎক্ষণিক হস্তক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

দিল্লিতে বায়ুদূষণ বৃদ্ধি, জরুরি ও তাৎক্ষণিক হস্তক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

Bengal Liberty : দিল্লিতে দিনের পর দিন আশঙ্কাজনকভাবে বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ায় যানবাহনের ধোঁয়াকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে সুপ্রিম কোর্ট জরুরি ও তাৎক্ষণিক হস্তক্ষেপের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ দিল্লি এবং পার্শ্ববর্তী তিনটি রাজ্যকে স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে বলেছে যে তারা কীভাবে বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে এবং পুরনো গাড়ি রাস্তা থেকে সরাতে কী কী আইনি পদক্ষেপ নিচ্ছে।

দেশের সর্বোচ্চ আদালত দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, দিল্লি সরকার, দিল্লি ট্রাফিক পুলিশ এবং হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকারকে রাজধানী অঞ্চল জুড়ে পরিচালিত যানবাহনের ওপর তাদের নিয়ন্ত্রণমূলক কাঠামোর বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ, দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে কি না, নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ শেষ হওয়া পুরনো যান চলাচলে কীভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, সে সংক্রান্ত পুরো রিপোর্ট আদালতের সামনে পেশ করতে হবে। পাশাপাশি কতগুলি যানবাহনে পরীক্ষা চালানো হয়েছে, কত চালককে জরিমানা করা হয়েছে বা প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সেই তথ্য দিতে হবে। এছাড়া আন্তঃরাজ্য যানবাহন চলাচলের ওপর নজরদারির জন্য দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে যৌথ সমন্বয় কেমন তা জানতে চাওয়া হয়েছে।

বায়ুর গুণমান ব্যবস্থাপনা কমিশন সুপ্রিম কোর্টে পেশ করা প্রতিবেদনে জানিয়েছিল যে, দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ুদূষণের একক বৃহত্তম উৎস হল যানবাহনের ধোঁয়া। শীতকালে মোট দূষণের প্রায় ২৩ শতাংশ এবং গ্রীষ্মকালে ১৯ শতাংশের জন্য সরাসরি যানবাহনই দায়ী। গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানে খড় পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমলেও যানবাহনের নির্গমনে চরম বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ফলে সর্বোচ্চ আদালত চার রাজ্যকে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের গৃহীত পদক্ষেপ জানাতে বলেছে। এখন এই চার রাজ্য কী উত্তর দেয়, সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।