Bengal Liberty:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় বিষয়(Mann Ki Baat)। প্রতিটি পর্বের মতোই এবারও দেশের বিভিন্ন প্রান্তের নানা উদ্যোগ, সাফল্য এবং ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেল ‘হর ঘর তিরঙ্গা’, মাদকমুক্ত ভারত অভিযান, নারী স্বনির্ভরতা, বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ।

হর ঘর তিরঙ্গা কর্মসূচি (Mann Ki Baat)
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, দেশজুড়ে এই উদ্যোগে মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গিয়েছে। ৮ কোটিরও বেশি মানুষ তেরঙ্গার সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। শুধু ভারতেই নয়, ইউরোপ থেকে সান ফ্রান্সিসকো—বিদেশের মাটিতেও ভারতীয়রা তেরঙ্গার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। তাঁর কথায়, এই অংশগ্রহণ দেশবাসীর জাতীয় পতাকার প্রতি আবেগ ও গর্বেরই প্রতিফলন।
আরও খবর

ড্রাগ ফ্রি ইন্ডিয়া (Mann Ki Baat)
এরপরই মাদকমুক্ত ভারতের ডাক দেন প্রধানমন্ত্রী। ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-কে দেশজুড়ে গণআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে তাঁর স্পষ্ট বার্তা, “মাদকমুক্ত যুবসমাজ, মাদকমুক্ত ভারত।” মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে বলে উল্লেখ করেন তিনি। যুবসমাজকে এই লড়াইয়ে আরও বেশি যুক্ত করার পাশাপাশি গান, নাটক, শর্ট ফিল্ম এবং সোশ্যাল মিডিয়া কনটেন্টের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন ভারতীয় ভাষায় সৃজনশীল কনটেন্ট তৈরির ওপরও জোর দেন তিনি।

নারীর স্বনির্ভরতা (Mann Ki Baat)
নারীর স্বনির্ভরতার বিষয়টিও ফের উঠে আসে ‘মন কি বাত’-এ। মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী স্বল্প পরিসরের ব্যবসা ও উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি সহায়তার কথা বলেন। বিশেষ করে প্রধানমন্ত্রী স্বনিধি (PM SVANidhi) যোজনার মতো প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক সহায়তা পেয়ে নিজেদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন—সেই বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে।
এ বছর বিশেষ তাৎপর্য পাচ্ছে ‘বন্দে মাতরম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় এই গান দেশবাসীর মধ্যে গভীর দেশাত্মবোধ ও ঐক্যের সঞ্চার করেছিল। পাশাপাশি ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ন্যাশনাল স্পেস ডে-র মতো বিশেষ দিনগুলিকে দেশজুড়ে উদযাপনের কথাও বলেন তিনি।
মহাকাশ ও নারী প্রতিভার প্রসঙ্গেও বিশেষ উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। ‘মিশন শক্তি স্যাট’-এর মাধ্যমে ১০৮টি দেশের ১২ হাজার ছাত্রীকে স্যাটেলাইট প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। লক্ষ্য—ছাত্রীদের অংশগ্রহণে তৈরি একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানো।

মহানায়কের প্রসঙ্গ (Mann Ki Baat)
সবশেষে উঠে আসে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের প্রসঙ্গ। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে উত্তম কুমারের অভিনয় প্রতিভা, আবেগের গভীরতা, পরিশ্রম ও মানুষের প্রতি তাঁর সহমর্মিতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ‘নায়ক’ ছবির প্রসঙ্গ টেনে সত্যজিৎ রায়ের সঙ্গে উত্তম কুমারের সৃজনশীল সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। প্রাথমিক জীবনে একাধিক ছবি সাফল্য না পেলেও হাল না ছেড়ে নিজের কাজে মনোনিবেশ করেই উত্তম কুমার যে উচ্চতায় পৌঁছেছিলেন, তাঁর জীবন থেকে সেই শিক্ষার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রতিটি ‘মন কি বাত’-এর মতোই ১৩৭তম পর্বেও তাই দেশের নানা প্রান্তের উদ্যোগ থেকে শুরু করে জাতীয় ঐতিহ্য, যুবসমাজ, নারী ক্ষমতায়ন, বিজ্ঞান ও সংস্কৃতি—বহু বিষয়কে এক সূত্রে তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিটের ঘটনায় ডেরেককে তলব


