NHRC
NHRC

তিন ব্যক্তিকে অর্ধনগ্ন অবস্থায় হাঁটানোর অভিযোগ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস NHRC-র

Bengal Liberty : কলকাতায় তিন ব্যক্তিকে অর্ধনগ্ন অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেহালায় তিন ব্যক্তির কোমরে দড়ি বেঁধে তাঁদের রাস্তায় ঘোরানোর ঘটনায় পুলিশের পদক্ষেপের বিষয়টি উঠে এসেছে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে NHRC। কমিশনের বক্তব্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগ সত্য হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার আগের দিন ১৮ বছরের এক যুবক ও তাঁর ১৯ বছরের এক বন্ধুকে এক নাবালিকার সঙ্গে দেখা যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ, ওই নাবালিকার পরিবারের সদস্যরা দু’জনকে বাড়িতে ডেকে মারধর ও হেনস্থা করেন। পরে যুবকের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয় এবং তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিনজনকেই পোশাক খুলে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ২৮ অক্টোবর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়, নাবালিকার বাবা, মামা এবং তাঁদের এক বন্ধুকে গ্রেফতারের পর পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে অপরাধ পুনর্গঠনের নামে তাঁদের জামা ছাড়া ও খালি পায়ে ১০০ মিটারেরও বেশি পথ হাঁটানো হয় বলে অভিযোগ।

এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে NHRC। আগামী দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা পড়ার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।