Bengal Liberty : কালীপুজোর সন্ধ্যায় মধ্যমগ্রামে সিপিএম-এর বুকস্টলে হামলা ও ভাংচুর-এর ঘটনায় উত্তেজনা ফের চরমে উঠল। এই ঘটনায় অভিযোগের তির উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে এই অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে। মধ্যমগ্রামের এই ঘটনার পর সিপিএম কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, বিজেপি কর্মীরা লাঠি ও রড নিয়ে বুকস্টলে হামলা চালিয়েছে এদিন সন্ধ্যায়। তারা বই মাটিতে ফেলে দিয়েছে। সিপিএম কর্মীদেরও মারধর করা হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। দুর্গাপুজোর পর কালীপুজোতেও প্রচারের আলোয় আসার জন্য সিপিএম কর্মীরা নিজেদের মধ্যে গণ্ডগোল বাধিয়ে এই ধরণের ঘটনার মাধ্যমে প্রচারের আলোয় থাকতে চাইছে। সিপিএম কর্মীরা নিজেরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময় সিপিএম-এর বুকস্টল রাজ্যের বিভিন্ন প্রান্তে ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। সিপিএম-এর বুকস্টল থেকে মাটিতে বই ফেলে দেওয়ার ঘটনায় সমাজের সর্বত্র নিন্দার ঝড় ওঠে। বিজেপির অনেক নেতা-মন্ত্রীরাও সিপিএম-এর বুকস্টলে হামলার নিন্দা করে প্রতিবাদে সরব হন।তারপরেও কালীপুজোর সন্ধ্যায় সিপিএম-এর বুকস্টলে হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠে গেল প্রশাসনের ভূমিকা নিয়েও।


