Bengal Liberty : যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙার অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল সিপিআইএম। বুকস্টল ভাঙতে বুলডোজার নিয়ে আসা এবং জোর করে স্টল সরানোর চেষ্টার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেছে সিপিআইএমের যাদবপুর এরিয়া কমিটি। শুধু তাই নয়, এই ঘটনায় আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে সিপিএম। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। আগামীকাল, মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।
ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। যাদবপুরের এইট-বি এলাকায় সিপিএমের বুকস্টলে পৌঁছয় পুলিশ। স্টল বসানোর অনুমতিপত্র দেখতে চাওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুরসভার গাড়ি এবং একটি বুলডোজার। এরপরই বুকস্টল ভাঙতে বুলডোজার আনা নিয়ে প্রশ্ন তোলেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশ ও বাম নেতৃত্বের মধ্যে তীব্র বাদানুবাদও হয়। বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত ফিরে যায় পুলিশ।
সিপিএমের অভিযোগ, বুকস্টল সরানোর জন্য বুলডোজার নিয়ে আসার কোনও যুক্তি নেই। কেন বই সরাতে পুরসভার গাড়ি ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে বামেরা। এই ঘটনার পরই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় যাদবপুর এরিয়া কমিটি। সূত্রের খবর , মামলায় রাজ্যকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, যাদবপুরে জোর করে বুকস্টল সরানোর বিষয়ে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের আধিকারিকরা যাতে কোনও পদক্ষেপ না করেন, সেই আবেদনও জানানো হয়েছে।
আরও খবর
এদিকে, যাদবপুরের ঘটনায় রবিবার বুকস্টলে যান তৃণমূল নেতা কুণাল ঘোষও। সেখানে বুলডোজার নিয়ে আসা এবং বই সরানোর জন্য পুরসভার গাড়ি ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার যাদবপুরের বুকস্টল বিতর্ক গড়াল আদালতে। সিপিএমের দায়ের করা মামলায় আগামীকাল কী নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


