Bengal Liberty : কুনাল ঘোষের উপর হামলার অভিযোগ ঘিরে নতুন মোড়। তাঁর বিরুদ্ধে নতুন এফআইয়ার। আজ অষ্টমীর দিন দুপুর ১টায় তৃণমূল নেতা কুনাল ঘোষকে নারকেলডাঙা থানায় তলব করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপির তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই তলব বলে খবর। ঘটনায় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
গত ২৬ সেপ্টেম্বর কুণাল ঘোষের অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার পর তাঁকে ও তাঁর গাড়িকে অনুসরণ করে বাইক নিয়ে আসা কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। এরপর গাড়ি আটকে হাতুড়ি ও লোহার রড দিয়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয় এবং তাঁকে প্রাণে মারার ও অপহরণের চেষ্টা করা হয়। আত্মরক্ষার্থে তাঁর নিরাপত্তারক্ষী পিস্তল বের করতে বাধ্য হন। নিরাপদে আশ্রয় নিতে নারকেল ডাঙ্গা থানায় পৌঁছান কুনাল ঘোষ।
হামলার ঘটনার পর কুনাল ঘোষ নারকেলডাঙা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ ছিল, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে। তবে ঘটনাস্থল বেলেঘাটা থানা এলাকার অন্তর্গত হওয়ায় পরবর্তীকালে বেলেঘাটা থানায় জিরো এফআইআর দায়ের করে নারকেলডাঙা থানার পুলিশ। এরপর প্রয়োজনীয় তদন্তের জন্য সেই অভিযোগ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয় বলে জানা যাচ্ছে।
আরও খবর
অন্যদিকে, কুনাল ঘোষের অভিযোগের পরেই পালটা পদক্ষেপ করে বিজেপি নেতৃত্ব। সেদিন সন্ধ্যায় বিজেপির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বরং যাঁরা এই হামলার ঘটনায় জড়িত, তাঁরা একসময় কুনাল ঘোষের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ করে গেরুয়া শিবির।
দুই পক্ষের এই পালটা অভিযোগ ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। বিজেপির তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। আজ দুপুর ১টায় তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর। পুলিশি জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।


