Mamata Banerjee
Mamata Banerjee

মমতার উপর হামলার অভিযোগ! কালীঘাটের বাড়িতে হামলার চেষ্টায় গ্রেফতার তরুণী

Bengal Liberty : কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ! BNSS-এর ১৭৩ ধারায় অভিযোগ জানিয়ে কালীঘাট থানার দ্বারস্থ হলেন তৃণমূলের সাংসদ দোলা সেন।

দোলা সেনের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ তন্নিষ্ঠা সাহা নামে এক মহিলা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে গিয়ে তাঁকে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করেন। ওই মহিলা সিভিক ভলান্টিয়ার হিসেবে পরিচিত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলা এবং নেশাগ্রস্ত অবস্থায় হিংসাত্মকভাবে মমতার দিকে এগিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগ, নিজেকে নেত্রীর ভাগ্নি পরিচয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিলেন ওই তরুণী। মমতা বাড়ি থেকে বেরোতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। ঘটনাটি দেখে প্রথমে উপস্থিত অন্যেরা হতবাক হয়ে যান। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ওই তরুণীকে আটকানোর চেষ্টা করেন তাঁরা।

এরপর কালীঘাট থানার ওসি-কে ইমেল পাঠিয়ে ঘটনার কথা জানান দোলা সেন। অভিযোগটি নথিভুক্ত করার পাশাপাশি ইমেলের সঙ্গে সংযুক্ত ছবি ও ভিডিয়ো খতিয়ে দেখার আবেদনও জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের এই সাংসদ।

উল্লেখ্য, নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানো হয়েছে বলে অভিযোগ। বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যে পরিমাণ নিরাপত্তা পাওয়ার কথা, আপাতত সেই নিরাপত্তাই পাচ্ছেন তিনি।

শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। এই ঘটনার নেপথ্যে অন্য কারও মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি দোলা সেনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।