Mamata Banerjee
অজয় নন্দ এবং মমতা বন্দ্যোপাধ্যায়

মমতার উপর হামলা হয়নি! দাবি কলকাতার পুলিশ কমিশনারের

বুধবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “হামলা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। এ সংক্রান্ত কোনও তথ্যও নেই।” তাঁর আরও বক্তব্য, “মঙ্গলবার রাতে যা ঘটেছিল, তা মূলত বাগবিতণ্ডা।” ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে কালীঘাটে মমতার বাড়ির সামনেই একটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। তৃণমূলের অভিযোগ, সেই সময় সুহাসিনী সাহা নামে এক মহিলা ছুরি নিয়ে মমতার উপর চড়াও হওয়ার চেষ্টা করেন। মঙ্গলবারই তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, অভিযুক্ত মহিলা একজন সিভিক ভলান্টিয়ার। সেই পরিচয়ের কথা স্বীকার করেছেন নগরপালও। তবে অজয় নন্দ জানান, ২০২৫ সাল থেকে সুহাসিনী ডিউটিতে অনুপস্থিত ছিলেন। যদিও ঘটনাস্থল বলরাম বসু ঘাটে তিনি আগে ডিউটি করেছেন বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। পাশাপাশি, গ্রেফতার সুহাসিনীর বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপরিচিত বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবারের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন অভিযোগ করেছিলেন, পুজোর উদ্বোধনে যাওয়ার সময় এক মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পিসি’ বলে সম্বোধন করে তাঁর দিকে ছুটে আসেন। দোলার দাবি, ওই মহিলা মত্ত অবস্থায় ছিলেন। তিনি মমতার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। পরে রাস্তায় শুয়ে গালিগালাজও করেন। তৃণমূল সাংসদের অভিযোগ, ওই মহিলার হাতে একটি ছুরি ছিল। এই ঘটনার পর সুহাসিনীর বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার অভিযোগে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোলা। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তবে বুধবার আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর হয়।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।