Bengal Liberty : দেশজুড়ে সংগঠনের ভিত মজবুত করতে এবার যুব প্রজন্মের উপর বিশেষ নজর কংগ্রেসের। পঞ্চায়েত ও পুরসভা স্তরে নতুন নেতৃত্ব তুলে আনতে ‘পঞ্চায়েত টাস্ক ফোর্স’ নামে বিশেষ কর্মসূচি শুরু করতে চলেছে সর্বভারতীয় যুব কংগ্রেস। এই উদ্যোগের মাধ্যমে ৪০ বছরের কম বয়সি যুবক-যুবতীদের নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে চাইছে দল। শুক্রবার বাংলায় এই কর্মসূচির সূচনা করা হয়েছে।
এই কর্মসূচিতে আগ্রহীদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ কিউআর কোড তৈরি করেছে যুব কংগ্রেস। সেই কোড স্ক্যান করে নিজেদের নাম ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তরুণ-তরুণীরা। তবে শুধু নাম নথিভুক্ত করলেই নির্বাচনে লড়ার সুযোগ মিলবে না। আবেদনকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন কংগ্রেসের প্রতিনিধিরা। তাঁদের যোগ্যতা, দক্ষতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ খতিয়ে দেখার পর দলীয় স্তরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বেছে নেওয়া হবে।
প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের মধ্যে থাকা প্রতিভাকে রাজনৈতিক সংগঠনের কাজে লাগানো। যাঁরা নিজেদের দক্ষতা ও ভাবনাকে কংগ্রেসের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাঁদের জন্য এই কর্মসূচি একটি মঞ্চ তৈরি করবে। ভবিষ্যতে তালিকাভুক্ত এই যুবদের পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন কিংবা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করা হবে।
আরও খবর
বিশেষ করে জেন জি এবং জেন আলফার তরুণ প্রজন্মকে রাজনীতির মূল স্রোতে নিয়ে আসাই এই প্রচারের অন্যতম উদ্দেশ্য। কংগ্রেসের দাবি, প্রতিভাবান নতুন মুখদের চিহ্নিত করে নিচু স্তর থেকেই নেতৃত্ব তৈরির প্রক্রিয়া শুরু হবে। বাংলাকে এই কর্মসূচির সূচনাস্থল হিসেবে বেছে নেওয়ার পিছনেও বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছে সংগঠন।
যদিও এর আগে ইউপিএ সরকারের আমলে তৎকালীন কংগ্রেসের যুব নেতা রাহুল গান্ধী দেশের যুব সমাজকে কংগ্রেসমুখী করতে এক বিশেষ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচি চালু করেছিলেন। কিন্তু সেই উদ্যোগ কাজে আসেনি। তাই কংগ্রেস যখন বিরোধী আসনে রয়েছে, সেই পরিস্থিতিতে এই প্রয়াস কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


