Suvendu Adhikari
নন্দীগ্রাম দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম দিবসে বাম-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর,করলেন বুদ্ধবাবুর প্রশংসাও

নন্দীগ্রামের ২০০৭ সালের ঘটনার প্রসঙ্গ তুলে সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, সেদিন ১১ জনকে ধরে নিয়ে গিয়ে সিপিএমের পার্টি অফিসে আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের দেহ টুকরো করে প্লাস্টিকে ভরে মাঝসমুদ্রে ফেলে দেওয়া হয়। তাঁদের কারও দেহই উদ্ধার করা যায়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েনস’ মন্তব্য এবং বিমান বসুর ‘নতুন সূর্য উঠল নন্দীগ্রামে’ বক্তব্যও তুলে ধরেন তিনি। তবে দল ও ব্যক্তির মধ্যে পার্থক্য টেনে শুভেন্দু বলেন, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য ভালো ছিলেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ভালো ছিল। কিন্তু তাঁদের দল ভালো ছিল না।”

এদিনের বক্তব্যে তৃণমূল কংগ্রেসকেও রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু দীর্ঘ ১৫ বছর সরকার চালিয়েও শহিদ পরিবারগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। এমনকি নিহতদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “নন্দীগ্রামের মানুষ এখনও ন্যায়বিচার পাননি।”শুভেন্দু আরও বলেন, ‘”আমি সেদিনও আপনাদের পাশে ছিলাম, আজও আছি। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না।” আগামী ১০০ বছর বাংলায় তৃণমূলের নাম-নিশান থাকবে না বলেও দাবি করেন তিনি। এদিন গোকুলনগরে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, শহিদ বেদীটির রং পরিবর্তন করে গেরুয়া করা হয়েছে। সেখানেই পুষ্পার্ঘ্য অর্পণ করে ২০০৭ সালের শহিদদের স্মরণ করেন শুভেন্দু।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।