Tulu Mondal
Tulu Mondal

দেশে ফিরলেন টুলু মণ্ডল, আপাতত বীরভূমে নয় কলকাতাতেই থাকার সিদ্ধান্ত

টুলু মণ্ডলের দেশে ফেরার বিষয়টি ইতিমধ্যেই সিউড়ি জেলা আদালতকে জানানো হয়েছে। পাশাপাশি মামলার তদন্তকারী অফিসার তথা বীরভূম জেলা পুলিশের ডিএসপি কুণাল মুখোপাধ্যায়কেও তাঁর যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বলে দাবি করেছেন আইনজীবীরা। টুলুর আইনজীবী সিকান্দার আনসারির বক্তব্য, দেশে ফেরার আগেই কোন বিমানে এবং কখন তিনি কলকাতায় পৌঁছবেন, সেই তথ্য ই-মেল মারফত জানানো হয়েছিল। তদন্তকারী অফিসারের সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠানো হয়েছিল প্রয়োজনীয় তথ্য। তবে মঙ্গলবার তাঁর পক্ষ থেকে কোনও জামিনের আবেদন করা হয়নি। আইনজীবীর আরও দাবি, তদন্তকারী অফিসার যখনই টুলু মণ্ডলকে ডাকবেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করবেন। আপাতত কলকাতাতেই থাকবেন তিনি।

উল্লেখ্য, বীরভূমে সরকারি ডিসিআর ব্যবস্থা ঘিরে কয়েক হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, এই দুর্নীতির পিছনে সক্রিয় ছিল একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। সেই চক্রের অন্যতম মূল মাথা হিসেবে উঠে এসেছে টুলু মণ্ডলের নাম। দীর্ঘদিন ধরেই তিনি দেশের বাইরে ছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্টে টুলুর আইনজীবীরা জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে চান। তবে দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। সেই প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন টুলু। আদালত নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরতে হবে। একইসঙ্গে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার অন্তর্বর্তী সুরক্ষাও দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার দেশে ফিরেছেন টুলু মণ্ডল। এখন প্রশ্ন, তাঁকে কবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে পুলিশ।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।