Bengal Liberty : রাজনৈতিক হিংসা ও ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ। বামফ্রন্ট সরকারের শেষ ১০ বছর এবং তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালে রাজনৈতিক হিংসার ঘটনায় নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার বাস্তবায়নে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। নির্দিষ্ট ফর্ম পূরণ করে চাকরির জন্য আবেদন করতে পারবেন নিহতদের পরিবারের যোগ্য সদস্যরা।
সোমবার রাজ্যের মুখ্যসচিব জেলাশাসক এবং সরকারি আইনজীবীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই দ্রুত আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিহতদের পরিবারের সদস্যরা অনলাইনে অথবা নিজেদের এলাকার বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিস কিংবা জেলাশাসকের দফতরে জমা দিতে হবে।
আবেদনগুলি খতিয়ে দেখার জন্য জেলাশাসকের নেতৃত্বে স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে। আবেদনকারীর দাবি এবং জমা দেওয়া নথির যথার্থতা যাচাই করে এই কমিটি রাজ্য সরকারের কাছে চাকরির জন্য সুপারিশ করবে। স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তে কোনও আবেদনকারী সন্তুষ্ট না হলে রাজ্যস্তরে গঠিত আপিল কমিটির দ্বারস্থ হওয়ার সুযোগও থাকবে। নবান্নের তরফে ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলিকে বিশেষভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবর
চাকরির আবেদন করতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র, মৃতের সঙ্গে আবেদনকারীর সম্পর্কের প্রমাণ, এফআইআর, চার্জশিট সংক্রান্ত নথি এবং হলফনামা। পাশাপাশি আবেদনকারীকে জানাতে হবে যে, পরিবারের অন্যান্য সদস্যদের দায়িত্বভার তিনি গ্রহণ করবেন। জেলাশাসকের নেতৃত্বাধীন কমিটি আবেদনগুলি যাচাই করবে। কমিটিতে থাকবেন সরকারি আইনজীবী, জেলার পুলিশ সুপার, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক এবং নোডাল অফিসাররা। যাচাইয়ের পর জেলাশাসকরা আবেদনগুলি রাজ্য প্রশাসনের শীর্ষমহলে পাঠাবেন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে যোগ্য আবেদনকারীদের চতুর্থ শ্রেণি অর্থাৎ গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনৈতিক হিংসার দীর্ঘ ইতিহাস রয়েছে পূর্ব বর্ধমান জেলাতেও। বাম আমলের শেষ ১০ বছরে জামালপুর, রায়না, খণ্ডঘোষ, কেতুগ্রাম ও মঙ্গলকোটের মতো এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার একাধিক ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। পরে রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলেও রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন সিপিএমের বহু নেতা-কর্মী। মঙ্গলকোটে খুন হয়েছিলেন তৎকালীন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায়। কাটোয়ায় খুন হন সিপিএমের জেলা কমিটির সদস্য কার্তিক মণ্ডল। প্রাণ হারান বর্ধমান উত্তরের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা এবং প্রবীণ সিপিএম নেতা কমল গায়েন। পাশাপাশি জামালপুরের নবগ্রাম ও রায়নার উচিৎপুর গ্রামের সিপিএমের ক্ষেতমজুর সংগঠনের দুই প্রবীণ নেতাও রাজনৈতিক হিংসায় নিহত হয়েছিলেন।
তৃণমূল আমলে শুধু বিরোধী দলের নেতা-কর্মীরাই নন, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘর্ষেও প্রাণ হারিয়েছেন একাধিক তৃণমূল কর্মী-সমর্থক। ২০১৯ সালের পর থেকে বিজেপি কর্মী-সমর্থকরাও রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় রায়নার সমসপুর ও জামালপুরের নবগ্রাম মিলিয়ে এক মহিলা-সহ চারজনের মৃত্যু হয়।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, পরিবারের একজন সদস্য সরকারি চাকরি পেলে সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সুরাহা হবে। বিশেষ করে আর্থিক অনটনে থাকা পরিবারগুলির কাছে এই চাকরি নতুন করে বাঁচার আশার আলো দেখাবে। নিহত তৃণমূল কর্মীদের পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে তাঁদের দাবি, শুধু চাকরি নয়, যাঁরা তাঁদের পরিবারের সদস্যদের খুন করেছেন, তাঁদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


