Uma Kashvi
মাত্র ১৫ বছরেই ইতিহাস! ১০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে উমা কাশভি

মাত্র ১৫ বছরেই ইতিহাস! ১০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে উমা কাশভি

Bengal Liberty : মাত্র ১৫ বছর বয়সেই স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটার উমা কাশভি। বয়সের গণ্ডিকে কার্যত তুচ্ছ করে উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) জায়গা করে নিলেন কর্ণাটকের এই তরুণ অলরাউন্ডার। ২০২৭ সালের ডব্লিউপিএল নিলামে তাঁকে ১০ লক্ষ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস। এরই সঙ্গে ডব্লিউপিএল নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পাওয়ার নজির গড়লেন তিনি।

কে এই উমা কাশভি ?

২০১১ সালের ৯ এপ্রিল জন্ম উমা কাশভির। ডানহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি ডানহাতে অফস্পিন বোলিংয়েও দক্ষ তিনি। মাত্র ১৫ বছর ২০২ দিন বয়সে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন কর্নাটকের এই ক্রিকেটার। এর আগে ১৬ বছর বয়সে দিল্লি ক্যাপিটালসে জায়গা পেয়েছিলেন দিয়া যাদব। এবার তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন উমা।

বয়সে ছোট হলেও ক্রিকেটের মঞ্চে ইতিমধ্যেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন উমা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে চারটি উইকেট নেওয়ার পাশাপাশি এক দিনের ম্যাচেও উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া, মহিলাদের অনূর্ধ্ব-১৫ এক দিনের প্রতিযোগিতায় ৫১৬ রান করে নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার।

উমাকে দলে নেওয়া দিল্লি ক্যাপিটালসের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অল্প বয়সেই এমন বড় মঞ্চে সুযোগ পাওয়া তাঁর ক্রিকেটীয় কেরিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে এখনই তাঁর উপর বাড়তি প্রত্যাশার চাপ না দিয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে থেকে শেখার সুযোগ করে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মাত্র ১৫ বছর বয়সে ডব্লিউপিএলের মতো বড় মঞ্চে দল পাওয়া উমার কাছে যেমন বড় সাফল্য, তেমনই ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যতের জন্যও এটি এক আশাব্যঞ্জক অধ্যায়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।