Bengal Liberty
ধর্মতলায় ২৪ জুলাই ছাত্র আন্দোলনের কর্মসূচি কভার করতে গিয়ে কর্তব্যরত (Journalist Attack) সংবাদমাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কঠোর আইন প্রণয়নের সম্ভাবনা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, আন্দোলনের নামে সাধারণ মানুষ বা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা কখনও গ্রহণযোগ্য নয়। নিট (NEET) প্রশ্নফাঁস ও সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি হলেও, কিছু অসাধু ব্যক্তি আন্দোলনের মূল উদ্দেশ্যকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করেছে বলে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাত্র রাজনীতি ও যুব আন্দোলনের অভিজ্ঞতা থেকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারবেন বলেই আবেদনকারীদের বিশ্বাস। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে গিয়ে আহত সংবাদকর্মীদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের পাশে দাঁড়িয়েছেন।
আরও খবর

স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে—
- আন্দোলনের নামে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করতে হবে।
- শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।
- ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়নের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে।
- কর্তব্যরত অবস্থায় আহত সংবাদকর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
আবেদনের শেষে জানানো হয়েছে, ছাত্রসমাজ, সংবাদকর্মী এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল মানুষের পাশে থেকে যে কোনও ধরনের হিংসা, গুন্ডামি ও পেশিশক্তির রাজনীতির বিরোধিতা করা হচ্ছে এবং সংবিধানের আদর্শ রক্ষার আহ্বান জানানো হয়েছে।


