Weather Alert
Weather Alert

দ্বিতীয় সপ্তমীতে বৃষ্টির ভোগান্তি নেই দক্ষিণবঙ্গে কলকাতা-সহ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে

Bengal Liberty : পুজোর আনন্দে বৃষ্টির বাধা কতটা থাকবে, রবিবার দ্বিতীয় সপ্তমীতে সেই প্রশ্নই ঘুরছে পুজোপ্রেমীদের মনে। শনিবার দিনের শুরুতে গুমোট আবহাওয়ায় নাজেহাল হতে হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। সন্ধ্যা নামতেই কলকাতা সহ, হুগলী, পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি পরিস্থিতি বদলে দেয়।

তবে রবিবারের পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোথাও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের অবশ্য দু’টি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবারের আবহাওয়ায় অবশ্য অস্বস্তি ছিল যথেষ্ট। তবে রবিবার সেই ধরনের আবহাওয়া ফেরার সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পুজোর মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনা থাকলে বৃষ্টির জন্য আপাতত আলাদা করে চিন্তা করতে হবে না বলেই আবহাওয়া দফতর সূত্রে ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা নেই। শুধু রবিবারই নয়, আগামী শুক্রবার পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনও বদলের ইঙ্গিত নেই।

রবিবার উত্তরবঙ্গের সব জেলায় অবশ্য একই রকম আবহাওয়া থাকবে না। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ে ঘুরতে যাওয়া মানুষজনকে আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। তবে এই দুই জেলা বাদ দিলে উত্তরবঙ্গের অন্য ছয়টি জেলায় ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রাতেও এখনই উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।