Weather Alert
Weather Alert

অষ্টমীতে ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যান? বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস, জেনে নিন

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, ১৯ অক্টোবর অষ্টমীতে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। মঙ্গলবার, ২০ অক্টোবরও শহরের আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

অন্যদিকে, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় নির্বিঘ্নে মণ্ডপে মণ্ডপে ঘোরার সুযোগ পাবেন দর্শনার্থীরা। তবে আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি ভ্যাপসা গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পুজোপ্রেমীদের জন্যও রয়েছে স্বস্তির খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

ফলে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই পুজোর বাকি দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ঘোরার অনুকূল পরিবেশ থাকার আশা করা হচ্ছে। তবে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী পূর্বাভাসের দিকে নজর রাখা জরুরি।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।