Durga Puja Arrest
Durga Puja Arrest

সপ্তমীতে ৬১ জন গ্রেফতার! হেলমেটহীন বাইক চালানোয় সর্বাধিক মামলা

Bengal Liberty : দুর্গাপুজোর সপ্তমীতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের। রবিবার সপ্তমীর দিন মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বেআইনি মদ বাজেয়াপ্তের কোনও ঘটনা ঘটেনি। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৮৩৩টি মামলা বা প্রসিকিউশন হয়েছে বলে প্রকাশিত পরিসংখ্যানে জানানো হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, সপ্তমীতে ট্রাফিক আইন ভাঙার ঘটনাগুলির মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে হেলমেট ছাড়া বাইক চালানো নিয়ে। এই অপরাধে মোট ২৬৯টি মামলা হয়েছে। বাইকে তিনজন করে যাতায়াতের ঘটনায় ১৪৮টি এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ১২৭টি মামলা দায়ের হয়েছে।

এছাড়া, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় ১২০টি মামলা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ১৬৯টি মামলা বা প্রসিকিউশন করা হয়েছে। সব মিলিয়ে ট্রাফিক আইন ভাঙার ঘটনায় মোট ৮৩৩টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুজোর ভিড় সামলানোর পাশাপাশি রাস্তায় নিরাপত্তা বজায় রাখতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে হেলমেট ছাড়া বাইক চালানোর ঘটনায় সর্বাধিক মামলা হওয়ায় পুজোর মরশুমে বাইক আরোহীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, উৎসব মুখর বাংলায় প্রশাসনের তরফ থেকে বারবার ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও পুলিশের লাগাতার অভিযানে রাস্তার আসল চেহারাটা স্পষ্ট। তাই পুজো শুরুর পর থেকেই এই অন্যায়ের বিরুদ্ধে তৎপর রাজ্য পুলিশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।