Weather Alert
Weather Alert

পুজোর আনন্দে বৃষ্টির ভ্রুকুটি, চতুর্থীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিকে, আগামী এক থেকে দু’দিনের মধ্যে দেশের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও কিছুটা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সঙ্গে উপদ্বীপীয় ভারতের দক্ষিণাংশে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর বৃষ্টিপাত শুরুর অনুকূল পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকায় পুজোর দিনগুলিতে আবহাওয়ার দিকে নজর রাখছেন সাধারণ মানুষ।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই পূর্বাভাস। ফলে আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বড় কোনও উদ্বেগ নেই। অর্থাৎ, চতুর্থীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আবহাওয়া তুলনামূলক ভাবে অনুকূল থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।