Bengal Liberty: উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ‘অ্যাড-হক বোনাস’-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, যোগ্য কর্মীরা মাথাপিছু সর্বোচ্চ ৭ হাজার ৪০০ টাকা পর্যন্ত অ্যাড-হক বোনাস পাবেন। অর্থ (অডিট) দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্রের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কাদের জন্য এই বোনাস? যোগ্যতার মাপকাঠি (West Bengal Govt Ad-hoc Bonus)
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বোনাসের সুবিধা পেতে হলে কর্মচারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:
বেতনের সর্বোচ্চ সীমা: ৩১ মার্চ ২০২৬ তারিখের হিসেবে যাঁদের সংশোধিত মাসিক বেতন বা মোট মাইনে (Basic Pay + DA + NPA ইত্যাদি) ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরাই কেবল এই সুবিধা পাবেন। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা বা অন্যান্য বিশেষ ভাতা ধরা হবে না।
আরও খবর
ছ’মাসের নিয়ম: বছরের মাঝে পদোন্নতি বা ইনক্রিমেন্টের কারণে যাঁদের বেতন ৪৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে, কিন্তু ২০২৫-২৬ অর্থবর্ষের অন্তত ছ’মাস বেতন নির্দিষ্ট সীমার নিচে ছিল, তাঁরাও এই বোনাস পাবেন।
কাজের মেয়াদ: বোনাস পেতে হলে সংশ্লিষ্ট কর্মচারীকে নির্দিষ্ট অর্থবর্ষে অন্তত ছ’মাস একটানা পরিষেবা দিতে হবে। ছ’মাস থেকে এক বছরের মধ্যে কর্মরতদের আনুপাতিক হারে বোনাস দেওয়া হবে।
চুক্তিভিত্তিক কর্মী: নিয়মিত কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী এবং বছরে অন্তত ১২০ দিন কাজ করা ক্যাজুয়াল কর্মীরাও নির্দিষ্ট নিয়মে এই বোনাস পাওয়ার যোগ্য।

কখন হাতে পাবেন বোনাসের টাকা? (West Bengal Govt Ad-hoc Bonus)
রাজ্য সরকারের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মুসলিম ধর্মাবলম্বী রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ইদ-উল-ফিতরের আগেই এই বোনাস মিটিয়ে দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এই বোনাসের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি, স্বায়ত্তশাসিত সংস্থা, স্থানীয় পুরসভা, পঞ্চায়েত এবং রাজ্য সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরাও বিগত বছরের নিয়ম মেনে একই হারে এই বোনাস পাবেন। উৎসবের ঠিক আগে সরকারের এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া বিরাজ করছে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/26/nepal-flash-flood/


