Bengal Liberty : বারুইপুর পুরসভার আর্থিক লেনদেন ঘিরে উঠল গুরুতর দুর্নীতির অভিযোগ (Baruipur)। পুরসভার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭ কোটি টাকার আর্থিক গরমিল রয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর অভিযোগ, পুরসভার মোট ৪২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ১৭টি অ্যাকাউন্টে এই অনিয়মের সন্ধান মিলেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। যদিও বিজেপি নেতার তোলা সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে পালটা দাবি করেছেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী (Baruipur)।

১৭টি অ্যাকাউন্টে গরমিলের অভিযোগ (Baruipur)
বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, বারুইপুর পুরসভার ৪২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ১৭টিতে আর্থিক লেনদেন নিয়ে অসঙ্গতি রয়েছে। তাঁর দাবি, সব মিলিয়ে গরমিলের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। এই আর্থিক অনিয়মের সঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস এবং চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী সরাসরি জড়িত বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে বারুইপুর পুরসভায় অবিলম্বে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন বিজেপি নেতা। একই সঙ্গে রাজ্যের পুরমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তেরও দাবি তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, পুরসভার আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে গোটা বিষয়টি নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

‘অভিযোগের কোনও ভিত্তি নেই’, দাবি চেয়ারম্যানের (Baruipur)
অন্যদিকে, বিজেপি নেতার সমস্ত অভিযোগই খারিজ করেছেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী। তাঁর দাবি, অভিযোগ করা হলেও কোথায়, কী ভাবে এবং কোন খাতের টাকায় গরমিল হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। ফলে অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই দাবি তাঁর। চেয়ারম্যান আরও জানিয়েছেন, অভিযোগ যদি তদন্তে সত্যি প্রমাণিত হয়, তা হলে যে শাস্তিই হোক না কেন, তিনি তা মেনে নিতে প্রস্তুত। ফলে একদিকে প্রায় ৭ কোটি টাকার আর্থিক গরমিলের অভিযোগ এবং অন্যদিকে সেই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে পুরসভার চেয়ারম্যানের দাবি-দুই পক্ষের বক্তব্য ঘিরে বারুইপুরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানউতোর।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/03/mahanayak-uttam-kumar/


