Bengal Liberty : ব্যারাকপুর শিল্পাঞ্চলের ত্রাস হিসেবে পরিচিত কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান আলি ওরফে সিরাজ আহমেদ ওরফে ‘পিকে’-কে দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। গ্রেফতারের পর তাকে কোমরে দড়ি বেঁধে, হাফপ্যান্ট ও খালি পায়ে রাস্তায় নিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশি হেফাজতের আবেদন (Bhatpara)
গ্রেফতারের পর ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫/২৭ ধারা এবং বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় একাধিক গুরুতর মামলা রয়েছে।
পুলিশের দাবি, ‘পিকে’ একাধিক খুন, তোলাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর

বনগাঁ থেকে গ্রেফতার তৃণমূল যুবনেতা (Bhatpara)
অন্যদিকে, বনগাঁ থেকেও রাজ যশোহরা নামে এক তৃণমূল যুবনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বনগাঁর কুঁড়ির মাঠ স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ এপ্রিল অস্ত্র নিয়ে অপরাধমূলক উদ্দেশ্যে জমায়েত হওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ধৃত রাজ যশোহরা তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এছাড়াও এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়েছে বলে অভিযোগ।
দুই অভিযুক্তের গ্রেফতারিকে ঘিরে ব্যারাকপুর শিল্পাঞ্চল ও বনগাঁ মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


