Bengal Liberty:
জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে শুক্রবার সন্ধ্যায় মেছেদা ইস্কন মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম মেচাদা ইস্কন মন্দিরে তাঁর পা রাখা। জন্মাষ্টমীর মহোৎসবকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সাজসজ্জায় সেজে উঠেছিল মন্দির চত্বর। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে তাঁর পৌঁছনোর আগে আরও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

মেছেদা জুড়ে সাজ সাজ রব (CM Suvendu Adhikari)
মন্দিরে পৌঁছতেই ইস্কনের প্রভুরা তাঁকে স্বাগত জানান। মালা পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য মন্দিরের বাইরে আগে থেকেই ভিড় করেছিলেন অগণিত সাধারণ মানুষ। তাঁদের উপস্থিতির মধ্যেই ধীরে ধীরে হেঁটে মন্দিরের ভিতরে প্রবেশ করেন তিনি।
আরও খবর
প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে প্রভু জগন্নাথদেবের আরতি করেন মুখ্যমন্ত্রী। এরপর যান অনুষ্ঠানের মূল মঞ্চে। সেখানে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজনের পাশাপাশি শুরু হয় শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও কীর্তন। ভক্তদের সঙ্গে বসে কীর্তন শোনার পাশাপাশি নিজেও নামসংকীর্তনে অংশ নেন তিনি।

কৃষ্ণ সেবায় মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
এরপর রাধামাধবের প্রতীকী মূর্তিকে ঘি ও গঙ্গাজল দিয়ে স্নান করান এবং পুষ্প অর্পণ করেন। পরে চকোলেট দিয়ে হরির লুটও করেন তিনি।
স্বল্প সময়ের মধ্যেই মন্দিরে এসে একাধিক ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ায় ইস্কনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এদিন কোনও রাজনৈতিক আলোচনা বা বক্তব্যে যাননি তিনি। জন্মাষ্টমীর মহোৎসব এবং শ্রীকৃষ্ণের জন্মতিথিকে সামনে রেখে ধর্মীয় আচারেই অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁর আগমন ঘিরে মেছেদা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

আরও পড়ুনঃ উত্তর কলকাতায় পুরনো বাড়ির অংশ ভেঙে আতঙ্ক


