Bengal Liberty:
টুলু মণ্ডল-কাণ্ডের তদন্তে সিউড়ির মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেড অ্যাসিস্ট্যান্ট প্রবীর দাসকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে সিউড়ির কল্পতরুপল্লিতে তাঁর বাড়িতে প্রায় ছয় ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর তাঁকে আটক করা হয়। শনিবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

(Tulu Mondal )ছয় ঘণ্টা তল্লাশির পর প্রবীর দাস গ্রেফতার
আদালতে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, প্রবীর দাসের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে ওই মোবাইলগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশের তরফে আদালতে জানানো হয়। পাশাপাশি, পাথর শিল্পাঞ্চলের DCR চেকিং গেটে কোন সরকারি কর্মী ডিউটিতে থাকবেন, সেই দায়িত্বও প্রবীর দাসের হাতে ছিল বলে আদালতে দাবি করেন সরকারি আইনজীবী।
আরও খবর
Tulu Mondal
পুলিশের দাবি, টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা ভুয়ো DCR এবং রাজস্ব ফাঁকির অভিযোগের তদন্তে প্রবীর দাসের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি দফতরের কোনও কর্মীর সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ বা লেনদেন ছিল কি না, সেই বিষয়েও তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন। সেই কারণেই প্রবীরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

উদ্ধার টাকা-নথি (Tulu Mondal )
যদিও প্রবীর দাসের স্ত্রী সাথী দাস তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, টুলু মণ্ডলের সঙ্গে প্রবীরের কোনও যোগাযোগ নেই। বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর মাত্র ৮১ হাজার টাকা এবং কিছু জমির নথি পাওয়া গিয়েছিল বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, ওই নথি বা টাকা কোনও কিছুই পুলিশ বাজেয়াপ্ত করেনি।
এখন পুলিশি হেফাজতে প্রবীর দাসকে জিজ্ঞাসাবাদ করে টুলু মণ্ডল-কাণ্ডে তাঁর ভূমিকা এবং সরকারি নথি সংক্রান্ত কোনও অনিয়মের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। তদন্ত যত এগোবে, এই মামলায় আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
Tulu Mondal
এদিকে, টুলু-কাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের আবাসনেও তল্লাশি চালিয়েছে বীরভূম জেলা পুলিশ। পুলিশ সূত্রে দাবি, টুলু মণ্ডলের সঙ্গে সেহগালের দীর্ঘদিনের যোগাযোগ ছিল এবং একাধিক আর্থিক লেনদেনের তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার রেড রোডে শুভেন্দু অধিকারী, তেরঙ্গা উত্তোলনে স্বাধীনতা দিবস


