রাশিয়ার হাতে Cancer Vaccine
Bengal Liberty: রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিকাল এজেন্সি (FMBA)-এর প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা ঘোষণা করেছেন, নতুন ক্যানসার ভ্যাকসিনের (Cancer Vaccine) প্রাক-ক্লিনিকাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। ভ্লাদিভস্তকে আয়োজিত পূর্ব অর্থনৈতিক ফোরাম (EEF)-এ তিনি জানান, ভ্যাকসিনটি নিরাপদ এবং উচ্চ কার্যকারিতা সম্পন্ন।
● (Cancer Vaccine) স্কভোরৎসোভা কি জানাচ্ছেন?
স্কভোরৎসোভার কথায়, “গবেষণা বহু বছর ধরে চলেছে। শেষ ৩ বছর কেটেছে বাধ্যতামূলক প্রাক-ক্লিনিকাল পরীক্ষায়। ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত, শুধু সরকারি অনুমোদনের অপেক্ষা।”
ফলাফলে দেখা গিয়েছে, ভ্যাকসিনটি বারবার প্রয়োগের পরও নিরাপদ। এবং, এটি টিউমারের আকার ৬০% থেকে ৮০% পর্যন্ত কমাতে সক্ষম। একই সঙ্গে টিউমারের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর করেছে। এতে রোগীদের বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে।

প্রথম ধাপে এই ভ্যাকসিন কোলোরেক্টাল ক্যানসার-এর জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি, গ্লিওব্লাস্টোমা এবং বিশেষ ধরনের মেলানোমা-র জন্য ভ্যাকসিনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
EEF-এর ১০ম অধিবেশনটি ৩–৬ সেপ্টেম্বর ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত হয়। যেখানে ৭৫টিরও বেশি দেশের প্রায় ৮,৪০০ প্রতিনিধি অংশ নেন।
বিশেষজ্ঞদের মতে, ক্যানসার ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধী টিকার মতোই কাজ করে।
বর্তমানে কিছু প্রোস্টেট ও মূত্রথলির ক্যানসারের জন্য কিছু টিকা ব্যবহৃত হচ্ছে। তবে রাশিয়ার এই ভ্যাকসিন ক্যানসার চিকিৎসায় এক নতুন অধ্যায় সূচনা করতে পারে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।
