SIR
Bengal liberty: রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে। এরই মাঝে বুধবার ৩৪ লক্ষ আধারকার্ডধারী মৃত বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে আধার অফিসিয়ালস(UIDAI)। এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, কীভাবে এই তথ্য কমিশনকে দিল UIDAI? শাসক শিবিরের মতে, UIDAI-এর এই পদক্ষেপ সংবিধানকে এক প্রকার উপেক্ষা করা।
এদিন সংস্থার পূর্বের বক্তব্য মনে করিয়ে তৃণমূল পোস্ট করেন, ‘UIDAI-এর অধিকারিকেরা নিজেই সংসদে জানিয়েছিলেন, যে রাজ্যভিত্তিক, বছরভিত্তিক বা কারণভিত্তিক কোনও আধার নম্বর নিষ্ক্রিয় করার পর, সেই তথ্য সংরক্ষণ করে না তারা। যদি সেটা সত্যি হয়, তাহলে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপঞ্জী তৈরি করে তা কমিশনকে হস্তান্তর করা হল?’

জবাব কমিশনের (SIR)
কমিশনের পাল্টা বক্তব্য, “Registration of Electors Rules, 1960”-এর ৯ নম্বর নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা প্রস্তুতির সময় ইআরও এবং তাঁর নিযুক্ত কর্মীরা জন্ম ও মৃত্যুর নথিতে প্রবেশাধিকার পাবেন। সংশ্লিষ্ট রেজিস্ট্রারের দায়িত্ব হবে প্রয়োজনীয় তথ্য ও নথির অনুলিপি সরবরাহ করা।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী দফতর জানিয়েছে, ‘মৃত ভোটারদের বিষয়ে এখনও পর্যন্ত UIDAI থেকে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কোনও বিশ্বাসযোগ্য সূত্র থেকে এমন তথ্য এলেও, তা দেখে স্বতঃপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া যাবে না। ইআরওদের অবশ্যই নির্ধারিত প্রক্রিয়া মেনে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।’
