Indigo flights cancelled
Bengal Liberty ৪ ডিসেম্বর কলকাতা: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)-র ফ্লাইট বিপর্যয় অব্যাহত। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে ২০০-এরও বেশি ইন্ডিগো ফ্লাইট (Indigo flight) বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গেছে। যার জেরে মহাবিপর্যয়ের মুখে ইন্ডিগো এয়ারলাইন্স (indigo airlines)।

দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক, অসামরিক বিমান চলাচল অধিদপ্তর (DGCA) ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটের (Indigo airlines flights delay) ক্রমাগত বিলম্ব এবং বাতিলের বিষয়ে তদন্ত শুরু করেছে। ডিজিসিএ জানিয়েছে যে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে এবং যাত্রীদের অসুবিধা কমাতে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে।
ডিজিসিএ-এর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, ইন্ডিগোকে বর্তমান বিঘ্নের কারণগুলির সম্পূর্ণ বিবরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সংশোধনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছে তার বিশদ বিবরণও প্রদান করতে বলা হয়েছে।
কেন এই সমস্যা?
শোনা যাচ্ছে, ইন্ডিগো ভয়াবহ রকমের কর্মী সংকটে ভুগছে (Indigo staff shortage crisis)। এমনিতেই বিমানসংস্থাটি নামমাত্র কর্মীতে কাজ করছিল বলেই জানা গেছে। নতুন ডিউটি সংক্রান্ত যে নিয়ম ডিজিসিএ করেছে তাতে আরও বিপাকে পড়েছে সংস্থাটি। নিয়ম অনুযায়ী পাইলটদের ডিউটি আওয়ার দৈনিক সর্বাধিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৩৫ ঘণ্টা হতে পারে। ফলে পাইলটের অভাবেই বহু বিমান গ্রাউন্ড করে দিতে হচ্ছে। সময়ে চালানো যাচ্ছে না বহু বিমান।সরকারিভাবেই এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে দেশের বৃহত্তম বিমানসংস্থা। ইন্ডিগো জানিয়েছে, “বেশ কিছু অপারেশনাল এবং প্রযুক্তিগত সমসয়ার জন্য আমাদের পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে।”

সার্বিক ঘটনায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ব্যবস্থার বা সম্পূর্ণ টাকা ফেরতের (refund) প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এই দুর্ভোগের কারণে সারা দেশের বিমানবন্দরে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে ক্রমেই। যদিও ইন্ডিগোর দাবি, এই পরিষেবার সমস্যার জন্য পদ্ধতিগত কিছু কারণ আছে। দ্রুতই সমস্যা মিটবে।
