BJP MP anurag thakur
Bengal liberty: ভারতে যেখানে ই-সিগারেট (E-cigarettes) নিষিদ্ধ, সেখানে পার্লামেন্টে (Parliament) বসে ‘সুখটান’! এও কি উচিত? নাম প্রকাশ না করেই তৃণমূলের এক সাংসদের (TMC MP) বিরুদ্ধে এই অভিযোগ তুললেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। অধিবেশন চলাকালীনই সোজা উঠে দাঁড়িয়ে নালিশ জানালেন। লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla, Speaker of Loksabha) কাছে অভিযোগ করে যথাযথ পদক্ষেপের আর্জিও জানান তিনি। স্পিকারও ওই সাংসদকে সতর্ক করেছেন বলে খবর। ভবিষ্যতে এই ধরনের কোনও অভিযোগ পেলে তিনি সংসদের যে কোনও সদস্যের বিরুদ্ধেই পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন স্পিকার।
অনুরাগের নালিশ (Anurag Thakur)
আজ, বৃহস্পতিবার শীতকালীন অধিবেশনে কারোর নাম না করেই এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন অনুরাগ ঠাকুর। এদিন তিনি কেবল নিজের আসনে উঠে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশে বলেন, “দেশ জুড়ে তো ই-সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। আপনি কি সংসদে তার অনুমতি দিয়েছেন?” স্পিকার উত্তরে জানান, “না”। এর পর অনুরাগ ঠাকুর ফের বলেন, “কিন্তু তৃণমূলের এক সাংসদ তো খাচ্ছেন। অনেক দিন ধরেই খাচ্ছেন। আপনি বিষয়টি যাচাই করে দেখুন।”
স্পিকারের মন্তব্য,
এর পরই অধিবেশনে উপস্থিত সকলের উদ্দেশে স্পিকার বলেন, “সংসদের সকল সদস্যের কাছে আমার অনুরোধ, আপনারা সংসদীয় পরম্পরা, নিয়ম মেনে চলুন। এই ধরনের অভিযোগ যদি আগামী দিনে আমার কাছে আসে, আমি পদক্ষেপ গ্রহণ করব।” কিন্তু এখানেই বিতর্ক থামেনি। অনুরাগ ঠাকুর বারংবার বিষয়টি খতিয়ে করে দেখার জন্য স্পিকারের কাছে আবেদন জানাতে থাকেন। চিৎকার করে বার বার বলেন, “আপনি এখনই যাচাই করে দেখুন।” বিজেপির বাকি সাংসদেরাও এ বিষয়ে সরব হতেই লোকসভায় হই-হট্টগোল শুরু হয়ে যায়। প্রতিবাদ আসে তৃণমূল সাংসদের বেঞ্চ থেকেও। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয় স্পিকারকেই। তিনি জানান, এ বিষয়ে যাঁর যা বক্তব্য ও অভিযোগ রয়েছে, তা লিখিত আকারে স্পিকারর কাছে জমা দিতে হবে। তার ভিত্তিতে তিনি পদক্ষেপ করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে একটি আইন প্রণয়ন করে গোটা দেশে ই-সিগারেট সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে ই-সিগারেট খাওয়া, বিক্রি সবই আইনত দণ্ডনীয় অপরাধ।
