G Ram G Bill To Replace MGNREGA
Bengal Liberty: বৃহস্পতিবার দুপুরে লোকসভায় ও পরবর্তীতে রাজ্যসভাতেও সবুজ সংকেত পেল অতি চর্চিত নতুন বিল ‘ জি রাম জি ‘ বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা VB-G RAM-G। বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে মাঝরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও সবুজ সংকেতে পায় এই বিল। বিরোধীদের প্রতিবাদী চিত্রটা অবশ্য নতুন নয়। যতবার লোকসভায় বিল পাশের প্রসঙ্গ এসেছে ততবারই বিরোধীরা বিরোধিতা করেছে। তাঁদের দাবি, মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আইন মুছতে ‘কৌশলে’ রামের নামে আনা হয়েছে গ্রামীণ রোজগারের বিল (G Ram G Bill To Replace MGNREGA)।
এই দাবিকে কেন্দ্র করেই বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। বিলের কপি ছিঁড়ে তুমুল বিক্ষোভে সংসদ উত্তাল করেন বিরোধী কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টির সাংসদরা। প্রবল হট্টগোলের মধ্যে কোনওমতে ‘ধ্বনিভোটে বিল পাশ হল’ জানিয়েই সারাদিনের মতো অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
শুধু লোকসভা নয়, রাজ্যসভাতেও ‘জি রাম জি’ বিলের প্রতিবাদ জানান তৃণমূলের বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন আর ডেরেক ও’ব্রায়েন। এমনকি গভীর রাতে রাজ্যসভায় বিলটি পাশ হলে সংসদ চত্বরে ধরনায় বসার পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পরিকল্পনা মাফিক প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধরনায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে-সহ অন্যান্য সাংসদরা। ১২ ঘণ্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ।
এদিন বেলা ১২টা ২৮ মিনিটে ‘দ্য বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি বিল ২০২৫’ পাশের জবাবি ভাষণ শুরু করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং। তারপরই বিরোধী সাংসদরা প্রতিবাদ দেখাতে শুরু করে। নেমে আসেন ওয়েলে। স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট মনরেগা! রামজি বিল ওয়াপস লো! মোদি সরকার হায় হায়!’ বিলের কপি ছিঁড়ে শূন্যে ওড়ানো হয়।
এর মধ্যেই বেলা ১টা ৭ মিনিটে গ্রামোন্নয়নমন্ত্রীর ভাষণ শেষে বিল পাশের কথা জানিয়েই তড়িঘড়ি সভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। তাঁর নির্দেশে বিক্ষোভরত সাংসদের নামের তালিকা তৈরি করেছেন মার্শাল। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে জানা গিয়েছিল। যদিও শুক্রবারই শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। বিপুল বিরোধিতার মধ্যেই দুপুরে লোকসভায় এবং মাঝরাতে রাজ্যসভায় বিলটি সবুজ সংকেত পায় কেন্দ্রের (G Ram G Bill To Replace MGNREGA)।
তৃণমূলের বিরুদ্ধে গিরিরাজের তোপ (G Ram G Bill To Replace MGNREGA)
তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের ১২ ঘণ্টার অবস্থান বিক্ষোভের তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি এই বিক্ষোভকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করে বলেন,” যাদের শ্রমিকদের সাথে কোনও সম্পর্ক নেই তারাই এই বিলের বিরোধিতা করবে। যাদের রাজনীতি করতে হবে তারাই এর বিরুদ্ধে প্রতিবাদ করবে।” বিরোধীদের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, “১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের গ্যারান্টি দেওয়া কি ভুল? এই সুবিধা শ্রমিকদের স্বার্থের জন্য। যারা এর বিরোধিতা করছে তারা শ্রমিকদের শত্রু।”
