Javed Akhtar on Modi
Bengal liberty Desk, ২৪ ডিসেম্বর, কলকাতা: একই মঞ্চে বসে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন, আবার সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা।এমনই বিস্ময়কর মন্তব্য করলেন বিশিষ্ট গীতিকার ও লেখক জাভেদ আখতার (Javed Akhtar)। দিল্লিতে আয়োজিত একটি আলোচনাসভায় তাঁর এই বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Javed Akhtar on Modi)।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক বুদ্ধিবৃত্তিক আলোচনায় জাভেদ আখতার ও ইসলাম নিয়ে গবেষণা করা মুফতি শামিল নাদভির মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। আলোচনার মূল বিষয় ছিল ঈশ্বরের আদৌ অস্তিত্ব আছে কি না? সেই প্রসঙ্গেই জাভেদ আখতার তুলে ধরেন গাজা ও প্যালেস্টাইনের বর্তমান পরিস্থিতি।
তাঁর বক্তব্য, ঈশ্বর যদি সত্যিই সর্বশক্তিমান হন, তাহলে নিরপরাধ শিশুদের এত ভয়াবহ যন্ত্রণা কেন সহ্য করতে হচ্ছে? কেন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি প্রধানমন্ত্রী মোদির প্রসঙ্গ টেনে আনেন।
জাভেদের মতে, “ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন থেকেই যায়, কিন্তু দেশের প্রধানমন্ত্রী অন্তত সাধারণ মানুষের দায়িত্ব নেন, মানুষের খেয়াল রাখেন।” এই মন্তব্যে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা সভাকক্ষ।
তবে এই বক্তব্য ব্যঙ্গ ছিল নাকি আন্তরিক প্রশংসা তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কারণ রাজনৈতিকভাবে জাভেদ আখতার বরাবরই মোদি সরকারের সমালোচক হিসেবেই পরিচিত। ফলে তাঁর মুখে এহেন মন্তব্য অনেকেই ব্যঙ্গ হিসেবেই দেখছেন। আবার একাংশের দাবি, এই বক্তব্যে বাস্তবতার প্রতিফলন রয়েছে।
প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই আলোচনায় দুই পক্ষই নিজেদের মত দৃঢ়ভাবে তুলে ধরেন। ধর্ম, মানবতা, রাজনীতি ও রাষ্ট্রনায়কের ভূমিকা সব মিলিয়ে এই বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্বাস ও বাস্তবতার ফারাক নিয়ে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের মুখেও যদি মোদীর নেতৃত্বের কথা উঠে আসে, তা হলে তাঁর প্রশাসনিক গ্রহণযোগ্যতা যে অনেকটাই বিস্তৃত সেই ইঙ্গিতই দেয় এই মন্তব্য।

