India vs Pakistan 2026
Bengal Liberty, Sports Desk: ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে জটিলতা আরও গভীর হচ্ছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের প্রস্তাব নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর মধ্যে আলোচনা এখন চরমে।
এই পরিস্থিতিতে রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উভয় বোর্ডের সঙ্গে দীর্ঘ বৈঠক করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই বৈঠকের পরেও কোনও যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি।
কী নিয়ে এই বৈঠক? (India vs Pakistan T20 World Cup 2026)
সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আনার আগে পাকিস্তান সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পিসিবি। সরকারিভাবে সবুজ সংকেত মিললেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে খবর।
ক্ষতিপূরণ দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় (India vs Pakistan T20 World Cup 2026)
ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান—এ কথা আগেই স্পষ্ট করেছে আইসিসি। তবুও ক্ষতিপূরণের দাবি তুলে গোটা ক্রিকেট বিশ্বে নতুন করে আলোড়ন ফেলেছে পিসিবি। এই বয়কটের জেরে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং বিজ্ঞাপন রাজস্বে বড় ধাক্কা লাগতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আইসিসির কাছে পিসিবির তিন শর্ত (India vs Pakistan T20 World Cup 2026)
ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলার ক্ষেত্রে আইসিসির কাছে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির দাবি অনুযায়ী—
-
বাংলাদেশের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়াতে হবে।
-
বাংলাদেশ ম্যাচ না খেললেও তাদের ‘Participation Fee’ দিতে হবে।
-
ভবিষ্যতে বাংলাদেশে আইসিসির বড় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়ে স্পষ্ট আশ্বাস দিতে হবে।
পিসিবির দাবি, এই শর্তগুলি বাংলাদেশের ক্রিকেট স্বার্থ রক্ষার দিকেই বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।
আইসিসির কড়া বার্তা (India vs Pakistan T20 World Cup 2026)
ইতিমধ্যেই আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, যদি নির্ধারিত ম্যাচ না হয়, তাহলে পিসিবিকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। পাশাপাশি, বিশ্ব ক্রিকেট সংস্থা কোনও সংঘাত চাইছে না বলেও জানানো হয়েছে। আইসিসির সংবিধান অনুযায়ী, গুরুতর নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সদস্যপদ স্থগিত বা বাতিল করার মতো কঠোর ব্যবস্থারও প্রভিশন রয়েছে।
এই মুহূর্তে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক সমাধান না হলে বিষয়টি যে আরও জটিল আকার নিতে পারে, তা বলাই বাহুল্য। ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে রয়েছে আইসিসির পরবর্তী সিদ্ধান্ত এবং পিসিবি ও বিসিবির চূড়ান্ত অবস্থানের দিকে।
