Gazole Birth Fraud Allegations
Bengal Liberty, Kolkata: মালদা জেলার গাজোল ব্লককে ঘিরে সামনে এসেছে এক বিস্ফোরক অভিযোগ। জন্ম শংসাপত্র জারি প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি বিরোধী দলনেতার (Gazole Birth Fraud Allegations)। অভিযোগ, ১৯৯৬ সালের নিবন্ধনের তারিখ দেখিয়ে এমন একটি জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে ‘পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধি,২০০০’ -এর ৯ নম্বর ধারা, যে বিধি কার্যকরই হয় ২০০০ সালে। ফলে প্রশ্ন উঠছে, কীভাবে ২০০০ সালের বিধির উল্লেখ ১৯৯৬ সালের নথিতে এল?

শুভেন্দু অধিকারীর তোপ (Gazole Birth Fraud Allegations)
এই ঘটনাকে সামনে এনে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, এটি নিছক প্রশাসনিক ভুল নয়, বরং পরিকল্পিত জালিয়াতির ইঙ্গিত বহন করছে। তাঁর দাবি, ভুয়ো নথি তৈরি করে নাগরিক পরিচয় গঠনের চেষ্টা চলছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায়।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, “নিবন্ধনের সাল ১৯৯৬, অথচ সেখানে ২০০০ সালের বিধির উল্লেখ, এটি স্পষ্টতই ইচ্ছাকৃত কারচুপি। রাজ্য জুড়ে এই ধরনের জাল নথি তৈরি করে সিস্টেমকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।” তিনি অভিযোগ করেন, এর ফলে নির্বাচনী তালিকার স্বচ্ছতা ও নাগরিক যাচাই প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে।

বিরোধী দলনেতার আরও দাবি (Gazole Birth Fraud Allegations)
এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং বৃহত্তর দুর্নীতির চিত্রের অংশ। তিনি অবিলম্বে তদন্তের দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ চেয়েছেন। তাঁর কথায়, “গণতান্ত্রিক কাঠামোর অখণ্ডতা রক্ষায় দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।” গাজোলের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে জাল নথির অভিযোগ, অন্যদিকে প্রশাসনিক গাফিলতির সম্ভাবনা- দুইয়ের মাঝেই প্রশ্ন একটাই, জন্ম শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি জারির ক্ষেত্রে কীভাবে এমন অসঙ্গতি সামনে এল?
