Bengal Liberty, Kolkata:
বনগাঁর অনুষ্ঠান ঘিরে বিতর্কে নতুন মোড়। জামিনে মুক্তি পাওয়ার পরই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন তনয় শাস্ত্রী। আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিসে একাধিক দাবি ও সতর্কবার্তা উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কী দাবি নোটিসে? (Bongaon event controversy)
তনয় শাস্ত্রীর পক্ষ থেকে পাঠানো আইনি চিঠিতে মূলত তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে
১. পারিশ্রমিক ফেরতের দাবি
তনয় শাস্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের জন্য অভিনেত্রীকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছনোর অভিযোগ তুলে সেই অর্থ ফেরতের দাবি করা হয়েছে।
২. মানহানির অভিযোগ ও ক্ষতিপূরণ:
তনয়ের দাবি, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের জেরে তাঁকে গ্রেফতার হতে হয়েছে এবং জেলযাত্রা ও হয়েছে, যার ফলে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদায় আঘাত লেগেছে তাঁর। সেই প্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসাবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে।
আরও খবর
৩. প্রকাশ্যে ক্ষমা চাওয়ার শর্ত:
নোটিসে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। না চাইলে দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলা করা হবে এমনটাই হুশিয়ারি দিয়েছেন তনয় শাস্ত্রী।

ঘটনার সূত্রপাত কীভাবে? (Bongaon event controversy)
গত ২৫ জানুয়ারি বনগাঁর একটি ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, নির্ধারিত সময়ের পরে তিনি অনুষ্ঠানে পৌঁছন। অনুষ্ঠান রাত নির্দিষ্ট সময় পর্যন্ত করার অনুমতি থাকায় মঞ্চ থেকে মিমিকে নামিয়ে দেওয়া হয়, এমনটাই দাবি মিমির এবং পরবর্তীতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিনেত্রীর অভিযোগ ছিল, তাঁকে অপমান করা হয়েছে। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেফতারের চেষ্টা করলে বাধার মুখে পড়ার অভিযোগও ওঠে। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। এবং আদালতের নির্দেশে প্রথমে জেল হেফাজত, পরে পৃথক মামলায় ধাপে ধাপে জামিন পান তনয়। অবশেষে চলতি মাসে তিনি জেলমুক্ত হয়েছিলেন।
তবে এখন তিনি জেল থেকে বেরিয়ে আবারও আইনি পথে পাল্টা পদক্ষেপ নিয়েছে ফলে এই বিতর্ক আরও জোরালো হয়েছে। একদিকে অর্থ ফেরত ও ক্ষতিপূরণের দাবি, অন্যদিকে মানহানির সম্ভাব্য মামলা দুই পক্ষের আইনি লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট।
এখন নজর অভিনেত্রীর প্রতিক্রিয়া ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে।


