Rajya Sabha Election WB 2026
Bengal Liberty Desk, ৯ মার্চ, কলকাতা: রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হল রাজ্য বিধানসভায়। পশ্চিমবঙ্গের তরফে মোট পাঁচটি আসন। মনোনয়ন জমা দিয়েছিলেন পাঁচজনই। ফলে ভোটাভুটি যে হবে না, তা নিশ্চিত ছিল কার্যত। সেই মতো ভোটাভুটি ছাড়াই রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে নির্বাচিত হলেন পাঁচ সাংসদ। তৃণমূলের চারজন। আর বিজেপির একজন।
বিজেপি ও তৃণমূলের জয়ী প্রার্থী (Rajya Sabha Election WB 2026)-

আজ, সোমবার বিকেলে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ হিসেবে জয়ের শংসাপত্র গ্রহণ করলেন রাজ্যসভার বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। অপরদিকে, তৃণমূল কংগ্রেসের চার মনোনীত প্রার্থী রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি (DGP) রাজীব কুমার, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে জয়ী ঘোষণা করা হয়। অন্য কোনও অতিরিক্ত প্রার্থী না থাকায় এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় পাঁচটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা।
বিধানসভায় শংসাপত্র গ্রহণ রাহুল সিনহার (Rajya Sabha Election WB 2026)-

সংখ্যার নিরিখে বিজেপির জয় নিশ্চিত থাকলেও রাহুল সিনহার মনোনয়ন বাতিল নিয়ে শাসকদলের পক্ষ থেকে কিছু অভিযোগ তোলা হয়েছিল। তবে আইনি প্রক্রিয়ার পর এদিন বিধানসভার রিটার্নিং অফিসারের ঘর থেকে নিজের জয়ের শংসাপত্র সংগ্রহ করেন তিনি। জয়ের পর তিনি বলেন, “দলের প্রতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমি কৃতজ্ঞ। রাজ্যসভায় বাংলার সাধারণ মানুষের দাবিদাওয়ার কথা এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে সওয়াল করাই আমার একমাত্র লক্ষ্য হবে”।
রাহুল সিনহাকে শুভেচ্ছা বার্তা শুভেন্দুর (Rajya Sabha Election WB 2026)
Heartiest Congratulations to Senior @BJP4Bengal Leader; Shri Rahul Sinha, on being elected as a Member of Parliament in the Rajya Sabha from West Bengal.
Your unwavering dedication to public service, tireless efforts for the betterment of the People of our State, and commitment… pic.twitter.com/ZKLNLa8Pqn
— Suvendu Adhikari (@SuvenduWB) March 9, 2026

রাহুল সিনহার এই সাফল্যে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, জনগণের প্রতি রাহুল সিনহার অটল নিষ্ঠা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শের প্রতি দায়বদ্ধতা আজ এই বড় অর্জনে প্রতিফলিত হয়েছে। শংসাপত্র গ্রহণের এই আনন্দময় মুহূর্ত তাঁকে আগামী দিনে আরও শক্তিশালী ও সমৃদ্ধ পশ্চিমবঙ্গ গড়ার কাজে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।
বিজেপির প্রাপ্তি ও রণকৌশল (Rajya Sabha Election WB 2026)
বিধানসভায় বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যার নিরিখে একটি আসন পাওয়া নিশ্চিত ছিল। রাহুল সিনহার মতো একনিষ্ঠ কর্মীকে রাজ্যসভায় পাঠিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যস্তরের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলের চার প্রার্থীর জয় (Rajya Sabha Election WB 2026)

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশলে এবার রাজ্যসভায় একঝাঁক নতুন ও বৈচিত্র্যময় মুখ দেখা যাবে। রাজীব কুমার থেকে কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীকর মত ব্যক্তিত্ব তৃণমূলের কণ্ঠস্বর আরও শক্তিশালী করবেন বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক দক্ষ ও জনপ্রিয় মুখদের রাজ্যসভায় পাঠিয়ে জাতীয় স্তরে বিশেষ বার্তা দিতে চাইলেন তৃণমূল নেত্রী।
আগামী ১৬ মার্চ যে ভোটগ্রহণের কথা ছিল, অন্য কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় তার আর প্রয়োজন পড়ল না। ফলে আজই চূড়ান্ত হয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫ জন নতুন সাংসদের নাম।
