WB Poll Schedule 2026
Bengal Liberty Desk, ১২ মার্চ:
জল্পনার অবসান, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পিছিয়ে যাওয়ার যে গুঞ্জন রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল, তাতে জল ঢেলে দিল জাতীয় নির্বাচন কমিশন (WB Poll Schedule 2026)। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে কবে ভোট হবে, তা এক প্রকার চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সঙ্গেই বিধানসভা ভোট হবে তামিলনাড়ু, কেরল, অসম ও পন্ডিচেরিতে। কোনও অঘটন না ঘটলে আগামী ১৬ ই মার্চ, সোমবার বাংলা সহ এই ৫ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

জল্পনার অবসান ও সম্ভাব্য তারিখ WB Poll Schedule 2026
অনেকেই মনে করেছিলেন, ভোটার তালিকার অসঙ্গতি এবং প্রায় ৬০ লক্ষ আবেদন ঝুলে থাকার কারণে বাংলায় ভোট ঘোষণা পিছিয়ে যেতে পারে। এমনকি রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করার দাবিও তুলেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তবে কমিশন সূত্রে খবর, ১৬ মার্চ ভোট ঘোষণা হলে এপ্রিলের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ নাগাদ প্রথম দফার নির্বাচন হতে পারে। অর্থাৎ, এপ্রিল মাসের মধ্যেই ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ক’দফায় ভোট বাংলায়?
নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, এবার বাংলায় ভোটের দফা অনেকটাই কমে আসতে পারে। সম্ভবত মাত্র দুই দফাতেই সারা হতে পারে বাংলার বিধানসভা নির্বাচন। অন্যদিকে তামিলনাড়ু, কেরালা, অসম ও পন্ডিচেরিতে এক দফাতেই ভোট সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
ভোটার তালিকা ও আদালতের পর্যবেক্ষণ
বর্তমানে সবথেকে বড় প্রশ্ন হল ঝুলে থাকা ৬০ লক্ষ আবেদনের ভবিষ্যৎ কী? এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভোট ঘোষণায় কোনও আইনি বাধা নেই। ইতি মধ্যেই ৬০ লক্ষ আবেদনের মধ্যে ১০ লক্ষ আবেদনের নিস্পত্তি হয়েছে, যার মধ্যে ৩ লক্ষ ৪ হাজারের মতো আবেদন খারিজ হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা কীভাবে প্রকাশ করা হবে, তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে স্থির করবে সিইও (CEO) দফতর। আজ, বৃহস্পতিবারই এই সংক্রান্ত একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।

