Darjeeling DM Transfer
Bengal Liberty Desk:
রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল এবং প্রোটোকল ভাঙা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বদলি করা হল দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে(Darjeeling DM Transfer)। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুনীল আগরওয়াল। তিনি এর আগে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটির স্পেশাল সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, শুক্রবার শিলিগুড়ির CP ও দার্জিলিংয়ের জেলাশাসককে ডেপুটেশনে চায় কেন্দ্রীয় সরকার। তার মধ্যেই সোমবার এই বদলির সিদ্ধান্ত নেওয়া হল।

সাঁওতাল সম্মেলনকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক Darjeeling DM Transfer
গত শনিবার শিলিগুড়ির গোঁসাইপুরে অনুষ্ঠিত হয়েছিল নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। একটি বেসরকারি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিণী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের তরফে সেই জায়গায় অনুমতি দেওয়া হয়নি। পরে গোঁসাইপুরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

তবে অভিযোগ ওঠে, ওই দিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রোটোকল মানা হয়নি এবং সেখানে চূড়ান্ত অব্যবস্থা ছিল। এমনকি রাষ্ট্রপতি নিজেও এ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
কেন্দ্রের রিপোর্ট তলব
ঘটনার পরই অমিত শাহের মন্ত্রক রাজ্যের কাছে পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়, অনুষ্ঠানে কী ধরনের গাফিলতি হয়েছিল। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, কেন মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরই মধ্যে শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে নবান্নকে চিঠি দেয় কেন্দ্রীয় সরকার।
