Basanti Puja 2026
Bengal liberty desk, ২৫ মার্চ :
শরতের অকালবোধন নয়, বসন্তের এই আরাধনাই বাঙালির আদি দুর্গাপূজা (Basanti Puja 2026)। মঙ্গলবার বোধনের মাধ্যমে রাজ্যজুড়ে শুরু হয়েছে বাসন্তী পূজা ২০২৬। চৈত্র নবরাত্রির পুণ্যলগ্নে দেবী দুর্গার এই বসন্তকালীন আবাহন চলবে আগামী ২৮ মার্চ, শনিবার পর্যন্ত। পুরাকাল থেকে চলে আসা এই পূজায় এবার দেবীর আগমন পালকিতে এবং গমন গজে।
শাস্ত্রমত অনুযায়ী, পালকিতে আগমন অস্থির সময় বা রোগব্যাধির ইঙ্গিত দিলেও, গজে গমন অতিবৃষ্টির সম্ভাবনা তৈরি করে। তবে দেবীর সৌম্য রূপ ধরিত্রীতে নতুন শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে বলেই বিশ্বাস ভক্তদের।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূজার নির্ঘণ্ট:
মহাসপ্তমী (২৫ মার্চ, বুধবার):
আজ মহাসপ্তমী। গতকাল বিকেল ৪টে ৯ মিনিট থেকে সপ্তমী তিথি আরম্ভ হয়েছে, যা চলবে আজ দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নবপত্রিকা স্নান ও সপ্তমীর বিহিত পূজায় শামিল হয়েছেন পুণ্যার্থীরা।
মহাষ্টমী (২৬ মার্চ, বৃহস্পতিবার): আগামীকাল মহাষ্টমী। অষ্টমীর বিশেষ আকর্ষণ সন্ধিপূজা। আগামীকাল সকাল ১১টা ২৫ মিনিট থেকে সন্ধিপূজা আরম্ভ হবে, বলিদান ১১টা ৪৯ মিনিটে এবং সমাপন দুপুর ১২টা ১৩ মিনিটের মধ্যে।
মহানবমী ও রামনবমী (২৭ মার্চ, শুক্রবার): শুক্রবার মহানবমী। এই দিনটিই রামনবমী হিসেবে পালিত হয়। নবমী তিথি শেষ হবে শুক্রবার সকাল ১০টা ৭ মিনিটে।
বিজয়া দশমী (২৮ মার্চ, শনিবার):
শনিবার সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এই বছরের বাসন্তী পূজা।

ঐতিহ্যের ছোঁয়া: আগরতলা থেকে রাজপুর
রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে সরকারি উদ্যোগে যথাযথ নিয়মনীতি মেনে আয়োজিত হয়েছে বাসন্তী পূজা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার রাজপুরে মৌলিক বাড়িতে চলছে ৩০০ বছরের প্রাচীন পূজা। বাংলাদেশের ফরিদপুর থেকে দেশভাগের সময় আসা এই পূজার প্রতিমা গড়ছেন খোদ পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্র পাল। পূর্ববঙ্গীয় রীতিনীতি মেনে এখানে নবমীর হোমে ৯ কেজি ওজনের বোয়াল মাছের ভোগ এবং দশমীতে পান্তা ভাত-কচু শাকের আয়োজন এক টুকরো শিকড়ের আখ্যান মনে করিয়ে দেয়।
ব্রিটিশ রাজত্বকালে কলকাতা কেন্দ্রীক শরতের অকালবোধন জনপ্রিয় হলেও, বাসন্তী পূজার সেই আভিজাত্য আজও অম্লান। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে আজকের সাধারণ গৃহস্থ— দেবীর আরাধনায় অশুভ শক্তির বিনাশ আর শুভর জয়ই শেষ কথা। চৈত্র সেল আর কাঠফাঁটা রোদের মাঝেই ঢাকের আওয়াজ জানান দিচ্ছে, অকালবোধন নয়, এ বছরও মা এসেছেন তাঁর আদি রূপেই।
