Gangarampur shooting
Bengal liberty desk, kolkata :
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই ফের শিরোনামে দক্ষিণ ২৪ পরগনা (Gangarampur shooting)। তবে এবার কোনো বিরোধী দলের সঙ্গে সংঘাত নয়, বরং শাসকদলের অন্দরের কোন্দল রক্তক্ষয়ী রূপ নিল। শহরে তৃণমূল নেতার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম শিবা চৌধুরী।
মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। আহত যুবক কে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নেতা।

কি ঘটনা?
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১০ টা নাগাদ এই ঘটনা ঘটে। তৃণমূল কর্মী শিবা তাঁর নিজের গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন ।সেই সময় বাবু চৌধুরী ও তাঁর লোকেরা থানার সামনেই গাড়ি আটকে শিবা চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় শিবা চৌধুরীর পেটে গুলি লাগে। এরপরে রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে চিকিৎসাধীন শিবা।
একই দলের সদস্যদের মধ্যে কেন এই কোন্দল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজনেরই জমি কারবারির ব্যবসা। দুজনের মধ্যে আগাগোড়াই ঝামেলা ছিল। ফলে এই কারণেই এমন ঘটনা ঘটলো কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আহতের পরিবার জানিয়েছে, তারা থানায় অভিযোগ দায়ের করবেন। এখনও অভিযোগ না পেলেও বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এদিকে খবর পেয়ে বুধবার সকালে হাসপাতালে যান গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস। এই প্রসঙ্গে তিনি বলেন, দুজনই গঙ্গারামপুরের বাসিন্দা বলে জানতে পেরেছি। শিবা চৌধুরীর শরীরে গুলি লেগেছে। বাড়ির সামনেই এই ঘটনা ঘটেছে। আইনি পদক্ষেপ করছে পুলিশ। আইনের ওপর ভরসা রাখছি আমরা।
