Supplementary List WB
Bengal Liberty Desk, ২৫ মার্চ, কলকাতা: প্রথম দফার ভোটের আর ১ মাসও বাকি নেই। তার আগেই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একের পর এক প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ উঠছে। গত সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর থেকেই দেখা যায়, রাজ্যের বহু ভোটারের নাম আচমকাই ‘অ্যাডজুডিকেশন’ তালিকায় চলে গিয়েছে। এমনকি লক্ষ লক্ষ ভোটারকে ডিলিটেড হিসেবেও দেখানো হচ্ছে। একাধিক জায়গায় নাম বাদ যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ ভোটাররাও। এরই মধ্যে হাই কোর্টে চিঠি দিল নির্বাচন কমিশন (Supplementary List WB)।
হাই কোর্টে চিঠি নির্বাচন কমিশনের (Supplementary List WB)

চূড়ান্ত তালিকায় যাঁদের নামে কোনও সমস্যা ছিল না, তাঁদের নামও রাতারাতি বিবেচনাধীন হয়ে যাওয়ায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। যদিও কমিশনের তরফে এই ঘটনাকে টেকনিক্যাল ফল্ট বলে ব্যাখ্যা করা হয়েছে।
এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টকে চিঠি দিল নির্বাচন কমিশন। আর্জি জানানো হয়েছে, শুধুমাত্র শুক্রবার নয়, প্রতিদিন যেন হাইকোর্ট রিপোর্ট জমা দেওয়ার সুযোগ দেয়, যাতে প্রতিদিনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যায়। কমিশনের মতে- এতে ভোটের আগে প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হবে।
মালদার সুজাপুরে একাধিক নাম বাদ (Supplementary List WB)

সোমবার মাঝরাতে প্রকাশিত SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট আসার পর থেকেই ধোঁয়াশা এবং বিভ্রান্তি পাল্লা দিয়ে বাড়ছে। তারই মধ্যে আতঙ্ক মালদার সুজাপুরে। অভিযোগ, একটি বুথে ৫২২ জন ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। শুনানিতে ডেকে তাঁদের নথি যাচাইও করা হয়। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই দেখা যায়, সেই বুথে ৪২৭ জনের নাম বাদ পড়েছে। সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন-
SIR Supreme Court: ‘সব রাজ্যে স্বাভাবিক, শুধু বাংলাতেই যত অশান্তি!’ ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘সুপ্রিম’ পর্যবেক্ষণ, আরও কী বলল শীর্ষ আদালত?
Supplementary Voter List WB: মধ্য রাতে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি তালিকা, এখনও অনিশ্চয়তায় লক্ষাধিক নাম!
বসিরহাটেও একই চিত্র (Supplementary List WB)
একই ছবি ধরা পড়েছে বসিরহাটেও। একটি বুথে ৩৪০ জন ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের প্রত্যেকের নামই বাদ পড়েছে বলে অভিযোগ। বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা গ্রামের ৫ নম্বর বুথে মোট ৯৯২ জন ভোটারের মধ্যে ৩৫৮ জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পান মাত্র ১৮ জন। বাকিদের নাম প্রথমে বিবেচনাধীন দেখানো হলেও পরে ডিলিটেড হয়ে যায় বলে অভিযোগ। যার প্রভাবে ক্ষোভে ফুঁসছেন ভোটাররা। কলকাতা হাইকোর্টে দেওয়া নির্বাচন কমিশনের চিঠি পরিস্থিতি কতটা ঠিক করতে সক্ষম হবে তা নিয়ে দ্বিধায় আছেন লক্ষ লক্ষ ভোটার।
