WB Supplementary Voter List
Bengal Liberty Desk, ২৪ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গতকাল, সোমবার রাত ১১টা ৫৫ মিনিট নাগাদ নির্বাচন কমিশন (ECI) রাজ্যের প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল। মূলত গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় যাদের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন হিসেবে চিহ্নিত ছিল, তাদের মধ্যে একাংশের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও। কমিশন শুধুমাত্র তালিকা প্রকাশের বিষয়টিই পরিস্কার করেছে (Supplementary Voter List WB)।

বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে। কমিশন সূত্রে খবর, বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার তা জানতে পারবেন। তালিকা প্রকাশ করা হলেও প্রযুক্তিগত সমস্যার খবর মিলেছে। বেশির ভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকি এপিক নম্বর দিয়েও নাম দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে।
গত রবিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, সোমবার সন্ধ্যার মধ্যে তালিকা প্রকাশ হবে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, রাত ৯টা নাগাদ তালিকা প্রকাশিত হবে। তবে শেষ পর্যন্ত রাত ১২টার কয়েক মিনিট আগে বিবেচনাধীন ভোটারদের একাংশের চুড়ান্ত তালিকা বার করা হল। কিন্তু কত জনের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে কত জনের নাম বাদ পড়েছে, তার হিসাব এখনও দেয়নি কমিশন। যদিও সোমবার বিকেল ৪টে পর্যন্ত ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। ৭০৫ জন বিচার বিভাগীয় আধিকারিকের তত্ত্বাবধানে নিবিড় যাচাইকরণ প্রক্রিয়ার পর এই সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা হয়েছে।
বাকিদের কী হবে (Supplementary Voter List WB)?
যারা এখনও তালিকায় নাম খুঁজে পাননি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা আগামী শুক্রবার এবং তৃতীয় তালিকা আগামী ৩ এপ্রিল প্রকাশ করা হতে পারে।
কোথায় দেখা যাবে তালিকা (Supplementary Voter List WB)?

ভোটাররা তাঁদের নাম ও বর্তমান অবস্থান জানতে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (voters.eci.gov.in), সিইও পশ্চিমবঙ্গের পোর্টাল (ceowestbengal.wb.gov.in) অথবা ‘ECI Net‘ মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া বুথে বুথেও হার্ড কপি টাঙানোর কাজ শুরু হবে আজ থেকেই।
ওয়েবসাইটে প্রবেশ করলে দুটি তালিকা দেখা যাচ্ছে। বিচার পর্বের শেষে কাদের কাদের নাম অন্তর্ভুক্ত হল তা বলা আছে প্রথম তালিকায়। অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারির লিস্টে যাঁদের নামের পাশে ‘Under Adjudication’ বা বিবেচনাধীন কথাটি লেখা ছিল তাঁদের নাম তালিকাভুক্ত হয়েছে কি না দেখতে গেলে প্রথমে ‘Supplementary List no 1’ টি দেখতে হবে। যদি এই লিস্টে নাম থাকে তার মানে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দেওয়ার অধিকার পেলেন।
নাম না থাকলে কী করণীয় (Supplementary Voter List WB)?

আর যদি নাম না থাকে তাহলে তাঁদের পরের তালিকা অর্থাৎ ‘Deletion List’ এ নিজের নাম খুঁজতে হবে। কমিশন জানিয়েছে, কোনও ভোটারের নাম বাদ গেলে বা ডিলিট হয়ে থাকলে তিনি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে অনলাইনে বা অফলাইনে অ্যাপিলেট ট্রাইবুনালে আবেদন জানাতে পারেন। আবার এই অ্যাপিলেট ট্রাইবুনাল সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা নিয়ে যে সিদ্ধান্ত নেবে তা মানতে কমিশন বাধ্য বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-
Supplementary voter list: “পাস না ফেল?” সোমেই ফয়সলা! ভোটের আগে সাপ্লিমেন্টারি লিস্টে বড় আপডেট
যাদের নাম ভুলবশত বাদ পড়েছে বা যারা এখনও আবেদন করতে পারেননি, তাদের জন্য ফর্ম-৬ জমা দেওয়ার বিকল্প খোলা রয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Supplementary Voter List WB)।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোট গ্রহণ করা হবে। তার আগে এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
